শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৩, ২১:২১
সামপ্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার ফলে উদ্ভূত পরিস্থিতিতে শিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে শিশু অধিকার সংগঠনগুলো। গতকাল দেশের ১৫টি সংগঠন এক যৌথ বিবৃতিতে মিছিল, সমাবেশ, হরতালসহ বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে শিশুদের ব্যবহার এবং সকল প্রকার সহিংসতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
নেতৃবৃন্দ বলেন, সামপ্রতিক রাজনৈতিক কর্মকাণ্ডে লক্ষণীয়ভাবে শিশুর ব্যবহার বৃদ্ধি পেয়েছে। রহিমা, সুমি, মনিরসহ গত ৬ মাসে সারাদেশে কমপক্ষে ১৮ শিশু রাজনৈতিক সহিংসতায় গুরুতরভাবে আহত হয়েছে।
আমরা শিশু অধিকার সংগঠনগুলোর পক্ষ থেকে সরকার ও সকল রাজনৈতিক দলের কাছে দাবি জানাচ্ছি, যাতে আগামীতে আর একজন শিশুকেও কোন ধরনের রাজনৈতিক সহিংসতার শিকার হতে না হয়। সকলকে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, ইতোমধ্যে সারাদেশে যে সকল শিশু এই সহিংসতার শিকার হয়েছে তাদের জন্য যথাযথ চিকিত্সাসহ অন্যান্য সেবা এবং প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।
জাতিসংঘ শিশু অধিকার সনদের অনুস্বাক্ষরকারী রাষ্ট্র হিসেবে বাংলাদেশে ভবিষ্যতে সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডে শিশুদের ব্যবহার বন্ধ করতে রাজনৈতিক দল, সুশীল সমাজ, গণমাধ্যমসহ সমাজের সকল স্তরের সহযোগিতা আশা করছি।
উল্লেখ্য মানুষের জন্য ফাউন্ডেশন, বাংলাদেশ শিশু অধিকার ফোরাম, সেভ দ্য চিলড্রেন, সোনার বাংলা ফাউন্ডেশন, সলিডারিটি, চাইল্ড রাইটস গভর্ন্যান্স এসেম্বলি, উদ্দীপন, দৃষ্টি, কমিউনিটি পার্টিসিপেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ভাফুসড, ঘাসফুল, সহায়, নবলোক পরিষদ, সীপ, আভাস এই যৌথ বিবৃতি দিয়েছে।