হিলিয়ামের সহায়তায় শক্তিসাশ্রয়ী ৬ টেরাবাইটের হার্ডডিস্ক
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৩, ২১:২৭
হিলিয়ামের ব্যবহার এতদিন সীমাবদ্ধ ছিল গবেষণাগারের মধ্যেই। তবে প্রযুক্তি পণ্যে সেই হিলিয়ামকে ব্যবহার করেই নতুন এক উদ্ভাবন নিয়ে হাজির হয়েছে হার্ডডিস্ক নির্মাণে বিশ্বের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন ডিজিটাল বা ডাব্লিউডি। তাদের অধীনস্ত প্রতিষ্ঠান এইচজিএসটি অবমুক্ত করেছে ৬ টেরাবাইট স্টোরেজের ‘আল্ট্রাস্টার এইচই৬’ হার্ড ড্রাইভ। ডাব্লিউডি একে বলছে হিলিয়াম হার্ডডিস্ক ড্রাইভ, যাতে রয়েছে ‘৭স্ট্যাক’ এবং ‘হিলিওসিল’ শীর্ষক দুই নতুন প্রযুক্তির ব্যবহার। এটিই বিশ্বের প্রথম ‘এয়ারটাইট’ হার্ডডিস্ক ড্রাইভ যার অভ্যন্তরে বাতাসের পরিবর্তে রয়েছে হিলিয়াম গ্যাস।
হার্ডডিস্কের অভ্যন্তরে থাকা ডিস্ক এবং হেডগুলো তথ্য রিড বা রাইটের সময় সদাঘূর্ণায়মান থাকে। এ ক্ষেত্রে বাতাসও ঘুরপাক খায় হার্ডডিস্কের অভ্যন্তরে। বাতাসের বদলে হিলিয়াম ব্যবহার করায় এর পরিমাণ অনেক কমে আসে। কারণ হিলিয়ামের ঘনত্ব বাতাসের ৭ ভাগের একভাগ। ফলে হার্ডডিস্কটি অনেক বেশি শক্তিসাশ্রয়ী হয়ে ওঠে। ডাব্লিউডি জানিয়েছে, প্রতি টেরাবাইটে প্রায় ৪৯ ভাগ শক্তি খরচ কম হয় এই হার্ডডিস্কে। সাথে সাথে হার্ডডিস্কে স্টোরেজ ঘনত্বও বাড়ানো সম্ভব হয়েছে হিলিয়াম ব্যবহার করে। এর পুরুত্ব আর ওজনও কমেছে অন্যদের তুলনায়।
এর সাথে সাথে ‘৭স্ট্যাক’ আর ‘হিলিওসিল’ ফিচার ব্যবহার করেই ৬ টেরাবাইটের এই বিশাল স্টোরেজের হার্ডডিস্ক তৈরি করা হয়েছে।