দুর্নীতির কারণে পাকিস্তান ক্রিকেটের অগ্রগতি হচ্ছে না : ইমরান খান

সাবেক অধিনায়ক ইমরান খান বলেছেন, দুর্নীতির কারণে পাকিস্তান ক্রিকেটের অগ্রগতি হচ্ছে না। তিনি বলেন, দেশ জুড়ে অনেক মেধাবী ক্রিকেটার থাকা সত্ত্বেও দুর্নীতির কারণে আমাদের ক্রিকেট এগুতে পারছে না। রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করতে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থা প্রচলনের আহ্বান জানান তিনি। অস্ট্রেলিয়ার মেলবোর্নে ১৯৯২ সালে বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের অধিনায়ক ইমরান খান বলেন, দেশে মেধাবী অনেক ক্রিকেটার আছে। কিন্তু দুর্নীতিগ্রস্ত অবকাঠামো এর অপরিহার্যতা অনুধাবন করতে পারছে না। নিয়োগদানের পরিবর্তে পিসিবি চেয়ারম্যান পদে নির্বাচনের দাবি জানান তিনি। ইমরান বলেন, ‘বিশ্বের অন্যত্র থাকলেও পিসিবিতে গণতান্ত্রিকভাবে একজন নির্বাচিত চেয়ারম্যান আমাদের কেন নেই- আমি ঠিক তা বুঝতে পারছি না।’ অনতিবিলম্বে পিসিবিতে একজন নির্বাচিত চেয়ারম্যানের গুরুত্বারোপ করেন তিনি। অধুনা রাজনীতিবিদ ইমরান খানের শঙ্কা, ‘পাকিস্তানে সঠিক ক্রিকেটীয় অবকাঠামো প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত এবং রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না হলে আমাদের সকল মেধা নষ্ট হয়ে যাবে।’-বাসস