জয়ের লক্ষ্যে মাঠে নামবে বার্সা ডর্টমুন্ডসহ বড়ো দলগুলো
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৩, ২২:০৮
বার্সেলোনা আজ ন্যু ক্যাম্পে চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি খেলায় এসি মিলানকে আতিথ্য দেবে। কোচ জেরার্ডো মার্টিনোর দলটি নিজেদের মাঠে সর্বশেষ ২১ ম্যাচে পরাজিত হয়নি। তাই টানা ২২তম ম্যাচে অপরাজিত থেকে শেষ ষোল নিশ্চিত করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে কাতালানরা। এছাড়া লিগের ফিরতি খেলায় এদিন আর্সেনালকে আতিথ্য দেবে বরুশিয়া ডর্টমুন্ড, চেলসি স্টাম্পফোর্ড ব্রিজে শালকে জিরোফোরকে, নেপোলি ইতালিতে মুখোমুখি হবে অতিথি ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেইর।
মিলানের মাঠে আগের ম্যাচে ড্র করে এক পয়েন্ট নিয়ে ফিরতে হয়েছিল বার্সেলোনাকে। সেই ম্যাচে বার্সার হয়ে একমাত্র গোলটি করেছিলেন লিওনেল মেসি। ইনজুরি থেকে ফেরার পর টানা তিন ম্যাচে আর কোনো গোলই পাননি এই আর্জেন্টাইন তারকা। অবশ্য মিলানের বিপক্ষে সেই খেলাটিতে পাওয়া এক পয়েন্ট নিয়েই ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থান ধরে রেখেছে কাতালানরা।
ন্যু ক্যাম্পে দুর্দান্ত খেলে চলেছে মার্টিনোর দল। তাছাড়া চলতি মৌসুমে লা লিগার ১২ ম্যাচের ১১টিতেই জয় পেয়েছে কাতালানরা। ন্যু ক্যাম্প্যে জয়ের ধারা অব্যাহত রাখতে পারলেই মার্টিনোর দলটি তাই গ্রুপের শীর্ষ স্থান ধরে রেখে শেষ ষোল নিশ্চিত করবে।
মেসি তার শেষ পাঁচ ম্যাচে মাত্র একটি গোল করেছেন। তবে পাশে পাচ্ছেন কোচ মার্টিনোকে।
বার্সা কোচ বলেন, ‘একজন খেলোয়াড়কে প্রতিটি ম্যাচে আলাদা করে বিশ্লেষণ করা কঠিন। কিন্তু লিও সব সময়ই গোল করায় সে দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়। সে যেভাবে খেলে তাতে আমরা তার কাছে অনেক বেশি কিছু আশা করি। দল যদি জিততে থাকে তাহলে দ্রুত সেরা খেলোয়াড়ের সেরাটাই দেখবেন।’ তবে কাতালানদের জন্য সুখবর হলো অ্যালেক্সিস সানচেজ গোল পাচ্ছেন নিয়মিত।
মেসি চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের তিন ম্যাচে একটি (বার্সেলোনার হয়ে ২৪তম) হ্যাট্রিকসহ চারটি গোল করেছেন। কাতালানরা চ্যাম্পিয়ন্স লিগে আগের ২৩টি খেলার মধ্যে মাত্র একটি পরাজিত হয়েছে। গত মৌসুমের সেমি-ফাইনালের খেলায় বায়ার্ন মিউনিখের কাছে ম্যাচটি হারে বার্সা। মার্টিনো দায়িত্ব নেয়ার পর কোনো ম্যাচে হারেনি দলটি।
এসি মিলান ইতালিয়ান লিগে গত রবিবার নিজেদের মাঠেই ফ্লোরেনতিনার কাছে ২-০ ব্যবধানে হেরে এখন পয়েন্ট টেবিলের ১১তম দল। চলতি মৌসুমে সিরি-‘এ’ এর খেলায় প্রতিপক্ষের মাঠে কোনো ম্যাচেই জয় পায়নি তারা। আর স্পেনের মাটিতে শেষ পাঁচ ম্যাচের কোনোটিতে জয় পায়নি ইতালিয়ান মিলান।
শালকে ২৩ অক্টোবর এমিরেটস স্টেডিয়ামে রবার্ট লেভানডোভস্কির গোলে স্বাগতিক আর্সেনালকে হারায়। বরুশিয়া ডর্টমুন্ড নিজেদের মাঠে টানা অষ্টম জয় তুলে নেয়ার লক্ষ্যে আজ আর্সেনালকে আতিথ্য দেবে। নিজেদের মাঠে দারুণ খেলছে কোচ জার্গেন ক্লপের দলটি। চলতি মৌসুমে জার্মান লিগের খেলায় নিজেদের মাঠে আট ম্যাচেই জয় পেয়েছে তারা। এছাড়া সব ধরনের প্রতিযোগিতায় শেষ চার ম্যাচেই জয় পেয়েছে ডর্টমুন্ড।
আর্সেনাল কোচ ওয়েঙ্গারের প্রশংসায়ও পঞ্চমুখ ক্লপ, ‘তিনি সত্যিই বিশেষ কিছু। আমি তাকে ভালবাসি। তিনি স্যার আর্সেন ওয়েঙ্গার।’ দুই দলের খেলার ধরন নিয়ে কথা বলেছেন ডর্টমুন্ড কোচ, ‘আমি আর্সেনালের খেলার ধরন পছন্দ করি। কিন্তু আমি সেটা গ্রহণ করতে পারি না। কারণ আমি আলাদা মানুষ। এটা আমার খেলা নয়।’ ক্লপের কোচিংয়ের ধরনটাও ক্লাব কর্তৃপক্ষের পছন্দের। এই কারণেই কিছুদিন আগে ক্লপের চুক্তির মেয়াদ ২০১৮ সাল পর্যন্ত বাড়ানো হয়েছে।
ডর্টমুন্ড গত শুক্রবার বুন্দেসলিগার খেলায় স্টুয়াটগার্ডকে ৬-১ ব্যবধানে হারিয়েছে। ওই ম্যাচে লেভানডোভস্কি একাই চার গোল করেন। ক্লপ চাইবেন আর্সেনালের বিপক্ষে আগের ম্যাচের মতোই জ্বলে উঠুক এই পোলিশ তারকা। গোড়ালির ইনজুরির কারণে এই ম্যাচে মাঠে নামতে পারবেন না ডর্টমুন্ড অধিনায়ক সেবাস্তেইন কোয়েটস।
ওয়েঙ্গারের শিষ্যরাও গত শনিবার প্রিমিয়ার লিগে লিভারপুলকে ২-০ ব্যবধানে হারিয়ে দারুণ চাঙ্গা। এ জয়ে লিগে পয়েন্ট টেবিলের শীর্ষ অবস্থান ধরে রেখেছে দলটি। আর্সেনাল প্রতিপক্ষের মাঠে আগের ১৪ ম্যাচে অপরাজিত থাকে। এর মধ্যে ১২টিতেই জয় পেয়েছে ইংলিশ দলটি। জার্মানিতে আগের চার ম্যাচে হারেনি তারা।
ক্লপের জন্য সব থেকে স্বস্তিদায়ক খবর হলো— নিজেদের মাঠে তার দল চ্যাম্পিয়ন্স লিগের খেলায় এর আগে কোনো ইংলিশ ক্লাবের কাছে পরাজিত হয়নি। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদ থেকে আর্সেনালে যোগ দেয়া জার্মান প্লে-মেকার-মেসুত ওজিল মনে করেন এই ম্যাচে স্বাগতিকরাই আর্সেনালের থেকে এগিয়ে থাকবে। তিনি বলেন, ‘লন্ডনে যে দল জিততে পারে তারা অবশ্যই ফেভারিট। ডর্টমুন্ড গত মৌসুম থেকেই শক্ত প্রতিপক্ষ। আমার ধারণা তারা আগের যে কোনো সময়ের থেকে ভাল দল।’
‘এফ’ গ্রুপে আর্সেনাল, ডর্টমুন্ড এবং নেপোলি এই তিন দলের পয়েন্ট ছয় করে। ‘এফ’ গ্রুপের খেলায় জয়ের লক্ষ্য নিয়েই নেপোলি আজ দুর্বল প্রতিপক্ষ অলিম্পিক মার্সেইকে আতিথ্য দেবে। তাই এই গ্রুপের জন্য আজকের খেলাগুলো গুরুত্বপূর্ণ।
‘ই’ গ্রুপে সমান ছয় পয়েন্ট চেলসি এবং শালকে জিরোফোরের। তবে গোল ব্যবধানে এগিয়ে আছে ইংলিশ দলটি। আজকের খেলায় জয় পেলে গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ ষোল নিশ্চিত করতে পারবে কোচ হোসে মরিনহোর দলটি।