শচীন অখুশি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৩, ২২:০৯
কলকাতায় শচীন টেন্ডুলকারের ১৯৯তম টেস্টকে কেন্দ্র করে মহাযজ্ঞের আয়োজন করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। এই আয়োজন কোনো কোনো ক্ষেত্রে কল্পনার মাত্রাকেও ছাড়িয়ে গিয়েছে। তবে যাকে সংবর্ধনা দিতে এতো আয়োজন সেই শচীনই নাকি এতে ‘অখুশি’।
সিএবি’র যুগ্ম সম্পাদক সুজন মুখার্জী বলেন, ‘আমিও শুনেছি শচীন অখুশি। ভবানিপুরে তাকে নিয়ে আয়োজিত চিত্র প্রদর্শনীতেও যাচ্ছেন না তিনি।’ তবে সিএবি’র আরেক যুগ্ম সম্পাদক সুবির গাঙ্গুলি বলেন, ‘শচীন এবং বাকিরা আয়োজনে সন্তুষ্ট।’
ইডেন গার্ডেনসে ১৯৯তম টেস্টটি খেলার জন্য ভারতের লিটল মাস্টার গত সোমবার কলকাতায় পৌঁছেন। তখন থেকেই তাকে নিয়ে নানা আয়োজন শুরু হয়েছে। অখুশির কারণটাও জানিয়েছেন শচীন। এই ব্যাটিং জিনিয়াস মনে করেন, তিনি খেলার থেকে বড়ো না। সবকিছুর আগে ক্রিকেটকে জায়গা দেয়া উচিত।