ঈদের প্রস্তুতি নিতে শুরু করেছেন অনেকেই। এরমধ্যেই কেনাকাটাও শুরু হয়ে গেছে। ছেলেমেয়ে, ছোট-বড় সবাই এখন পছন্দের পোশাক বা শপিং নিয়ে ব্যস্ত। মূলত পাঞ্জাবি দিয়ে শুরু হলেও ছেলেদের শপিংয়ে পোলো টি-শার্টও সমান গুরুত্ব পায়। সারাক্ষণ পাঞ্জাবি পরে থাকতে অস্বস্তি লাগে। আর ঈদে তো গরম থাকবেই। ফলে পোলো টি-শার্টেই অনেকেই স্বস্তি খুঁজে পেতে চাইবেন। এদিকে ফ্যাশন হাউসগুলোও ছেলেদের এ চাহিদাকে গুরুত্ব দিয়ে নতুন নতুন ডিজাইনের সব পোলো টি-শার্ট নিয়ে এসেছে। সুতি ও ভিস্কোস কাপড়ের পোলো টি-শার্টের চাহিদা এবার বেশি থাকবে। আবহাওয়ার প্রভাব দেখা গেছে পোলো টি-শার্টের রঙেও। ফ্যাশন হাউসগুলো ঘুরে দেখা গেছে, বাহারি কালার ও ডিজাইনের সব কালেকশন। ঈদ উপলক্ষে বিভিন্ন হাউস নিয়ে এসেছে বিভিন্ন ডিজাইন ও নকশার সব নতুন পোলো টি-শার্ট। বৈচিত্র্যে ভরপুর এসব পোলো টি-শার্ট বেশ আকর্ষণীয়ও।
গ্রাহকদের কথা মাথায় রেখে এবারও বেশ কিছু ভেরিয়েশন এনেছে ফ্যাশন হাউসগুলো। এছাড়া লাইট ও ডিপ উভয় কালারের সংমিশ্রণ রয়েছে তাদের কালেকশনে। তবে এবারের নতুনত্ব হচ্ছে প্রিন্টের ব্যবহার। আর প্রিন্টগুলো বেশ বড় বড় করা হয়েছে। এসব প্রিন্টের পোলো টি-শার্ট দেখতে যেমন সুন্দর, তেমনি বেশ আরামপ্রদ।
ফ্যাশন হাউস ইজির কালেকশনে রয়েছে বড় ও ছোট স্ট্রাইপের হরেক ডিজাইনের পোলো টি-শার্ট। এছাড়াও অর্ধেক স্ট্রাইপ ও অর্ধেক এক কালারের সংমিশ্রণে এসেছে নতুন ডিজাইনের পোলো টি-শার্ট।
ঈদকে সামনে রেখে পোলো টি-শার্টে অনেক বৈচিত্র্য আনা হয়েছে। গরমের সময় বলে পাতলা কাপড় ব্যবহার করা হয়েছে এবং কাপড়গুলো শতভাগ সুতি। এ বছর প্রিন্টের দিকেই বেশি মনোযোগ দেওয়া হয়েছে। ডিসচার্জ প্রিন্ট নামে নতুন এক ধরনের প্রিন্ট করা হয়েছে। এ ধরনের প্রিন্ট খুবই পাতলা হয়ে থাকে, যা শরীরের সঙ্গে মিশে যায়। ফলে ডিসচার্জ প্রিন্টের পোলো টি-শার্টগুলো বেশ আরামদায়ক। আর সেসবে উজ্জ্বল সব রঙের ব্যবহার করা হয়েছে। ক্যাটস-আই, লা-রিভ, ব্যাঙ প্রভৃতি ফ্যাশন হাউসগুলোতে রয়েছে দারুণ সব কালেকশন। তবে পিছিয়ে নেই সাধারণ দোকানের বিক্রেতারাও। ক্রেতাদের একটা বিরাট অংশের কথা মাথায় রেখে এসব দোকানেও তোলা হয়েছে নানা রং আর নকশার নন-ব্র্যান্ডের পোলো টি-শার্ট। ছেলেদের পোলো টি-শার্টের চাহিদা সারা বছরই থাকে। ঈদে চাহিদা আরো বেড়ে যায়। পোলো টি-শার্টের জন্য যেতে পারেন ক্যাটস আই, ইজি, বালুচর, দর্জি বাড়ি, জেন্টল পার্ক, প্লাস পয়েন্ট, সেইলর, ব্যাঙ, কান্ট্রিবয়, এক্সটাসি, ওয়েস্টিন কালেকশনসহ বিভিন্ন ব্র্যান্ডের দোকানে।
পোশাক ইজি
মডেল সামীর ও সজীব
ছবি কামরুজ্জামান জুয়েল