রাষ্ট্রপতি ও স্পিকারের উদ্যোগ চায় বিএনপি

দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকারকে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। গতকাল মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবন এলাকায় বিএনপির সংসদ সদস্যদের মিছিল পরবর্তী সমাবেশে এই আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, শোনা যাচ্ছে- সাতদিনের মধ্যে সর্বদলীয় সরকার গঠন করা হবে। কিন্তু আমরা স্পষ্ট করে সরকারকে বলতে চাই খালেদা জিয়াকে বাদ দিয়ে এদেশে কোনো নির্বাচন হবে না, নির্বাচন কমিশন কোনো একরতফা নির্বাচনের তফসিল ঘোষণা করলে সেটিও বিএনপি মেনে নেবে না। অশান্তির পথ পরিহারের লক্ষ্যে আজ-কালের মধ্যেই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবি মেনে নিয়ে সংবিধান সংশোধনের উদ্যোগ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ফারুক অভিযোগ করেন, সহিংসতার জন্য ভারত থেকে দেশে অস্ত্র আনা হচ্ছে। সমাবেশে বিএনপির অন্য এমপিরাও বক্তব্য দেন।