এক সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করবেন

যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চলতি মাসেই নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠন করা হবে। আর এ লক্ষ্যে আগামী এক সপ্তাহের মধ্যে মন্ত্রিসভার সদস্যরা পদত্যাগ করবেন। তিনি বলেন, নভেম্বরের তৃতীয় বা চতুর্থ সপ্তাহের শুরুর দিকে এই সরকার গঠন হতে পারে। বিএনপিকে সর্বদলীয় সরকারে আনতে সরকারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে তিনি জানান। গতকাল মঙ্গলবার সকালে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রী বাংলাদেশ জ্ঞান ও প্রকাশক সমিতির নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওবায়দুল কাদের বলেন, আমরা পদত্যাগের জন্য প্রস্তুত। আমি আমার পদত্যাগপত্র লিখেও রেখেছি। এক সপ্তাহের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে তা জমা দেয়া হবে। তবে এই পদত্যাগপত্র গ্রহণ বা প্রত্যাখ্যান করা হবে না। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, যারা সর্বদলীয় সরকারে থাকবেন না, তাদের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে চলে যাবে। যারা নতুন করে সর্বদলীয় সরকারে আসবেন, তাদের শপথ নিতে হবে বলে তিনি জানান।