চীনে আট বছরের শিশুর ফুসফুস ক্যান্সার
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৩, ২২:৩২
চীনে আট বছরের এক শিশুর ফুঁসফুঁসের ক্যান্সার ধরা পড়েছে। যদিও শিশুদের এই প্রকৃতির ক্যান্সার হওয়াটা স্বাভাবিক নয়। দেশটির ডাক্তাররা এজন্য সরাসরি পরিবেশ দূষণকে দায়ী করেছেন।
আমেরিকান ক্যান্সার সোসাইটির মতে, বয়স্কদের বিশেষ করে ৭০ বছর বয়সী ব্যক্তিদের ফুঁসফুঁসের ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। শিশুদের ক্ষেত্রে এই রোগের সম্ভাবনা খুবই কম। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, পূর্বাঞ্চলের জিয়াংশু প্রদেশের গুরুত্বপূর্ণ একটি রাস্তার কাছে ওই শিশুটি বসবাস করে। তবে সংবাদ মাধ্যমটি ওই শিশুর নাম প্রকাশ করেনি। প্রদেশের ন্যানজিংয়ের ক্যান্সার হাসপাতালের ডাক্তার জি ফেংডংয়ের উদ্ধৃতি দিয়ে সিনহুয়া জানিয়েছে, তার ফুঁসফুঁসে দীর্ঘদিন ধরে ধূলিকণা জমে থাকার কারণে এই রোগটি তার শরীরে বাসা বেধেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, চীনে শিল্পের দ্রুত উন্নতির সঙ্গে সঙ্গে গত ৩০ বছরে ফুঁসফুঁসের ক্যান্সারে মৃত্যুর সংখ্যা চারগুন বেড়েছে। -এএফপি