নিহতদের স্বজনদের প্রতিক্রিয়া
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৩, ২২:৪০
বিডিআর হত্যাকাণ্ডের মামলার রায় দ্রুত কার্যকর করার আহবান জানিয়েছে শহীদ সেনাদের স্বজনরা। গতকাল মঙ্গলবার রায় ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় পিলখানায় নিহত কর্নেল মুজিবুল হকের স্ত্রী নেহরীন ফেরদৌসি বলেন, আমরা এ রায়ের দ্রুত বাস্তবায়ন দেখতে চাই। রাষ্ট্রের কাজ রাষ্ট্র করেছে। আমরা আজ সেই বিচারের রায় দেখতে এসেছি। আমাদের সবার চাওয়া, যেন দ্রুত রায় কার্যকর হয় এবং দোষীরা যাতে শাস্তি পায়। আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের কক্ষে এ সময় তার সঙ্গে শহীদ কর্নেল আনিস, কর্নেল শামসুল আরেফিন, কর্নেল কাজী এমদাদুল হক, লেফটেন্যান্ট কর্নেল ইনশাদ ইবনে আমিন, লে. কর্নেল শামসুল আজম, লে. কর্নেল আবু মুসা মো. কাওসার, মেজর কাজী মোসাদ্দেক, মেজর সালেহ ও মেজর মোশাররফের স্ত্রী ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নেহরীন ফেরদৌসি বলেন, আমরা সন্তুষ্ট কিনা তা এখনই বলতে পারছি না। এ রায় কার্যকর করার ব্যাপার আছে। কোনো কারণে রায় যদি কার্যকর না হয়, সেজন্য আমরা আগে থেকে সন্তুষ্টির কথা বলতে পারছি না।
নিহত লেফটেন্যান্ট কর্নেল ইনশাদ ইবনে আমিনের স্ত্রী রোয়িনা মতিন বলেন, আমরা এতদিন এ রায়ের জন্য অপেক্ষা করেছি। দরকার হলে আরও অপেক্ষা করব। তার পরও এর কার্যকারিতা দেখে যেতে চাই।
মেজর মোহাম্মদ সালেহ’র স্ত্রী ড. নাসরিন আহমেদ বলেন, আমরা পেছনের ঘটনাটি জানতে চাই। কারা, কীভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, আমরা সে বিষয়ে এখনো কিছুই জানি না। আমাদের পেছনের কারণ জানাতে হবে।
কর্নেল সামসুল আরেফিনের স্ত্রী হাসিনা মমতাজ বলেন, রায় নিয়ে আগাম কোনো প্রতিক্রিয়া জানাতে চাই না। কেননা রায় যদি কার্যকর না হয় তাহলে আমাদের আক্ষেপের আর শেষ থাকবে না। রায় যথাসময়ে কার্যকর করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে আমরা অনুরোধ জানাচ্ছি।