শহীদ পরিবারের জন্য সরকারের গৃহীত ব্যবস্থা
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৩, ২২:৪১
পিলখানা দরবার হলে নৃশংস হত্যাকাণ্ডের বিচার সম্পাদন করা ছিল এই সরকারের অন্যতম চ্যালেঞ্জ। সরকারের শেষ প্রান্তে এসে ইতিহাসের জঘন্যতম হত্যাযজ্ঞের বিচারের রায় গতকাল প্রদান করা হল। সেনাবাহিনী রায়ে সন্তোষ প্রকাশ করেছে। সশস্ত্র বাহিনী সংশ্লিষ্টরা বলেন, এই রায় প্রদানের ফলে আর কেউ এ ধরনের বিদ্রোহ করার সাহস পাবে না। তবে রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছেন সেনা কর্মকর্তারা। বর্তমান সরকার নিহত অফিসারদের (শহীদ অফিসার) পরিবারবর্গের জন্য বেশ কিছ আর্থিক ও অন্যান্য সহায়তা কার্যক্রম গ্রহণ করেছে। এগুলো বাস্তবায়নও হচ্ছে। এর ফলে ওই সকল পরিবার বেঁচে থাকার জন্য আর্থিক সংকটে পড়বে না বলে কর্মকর্তারা জানান।
আর্থিক সহযোগিতাসমূহ হচ্ছে: প্রত্যেক পরিবারকে প্রধানমন্ত্রীর ১০ লাখ টাকা করে অনুদান, সেনাবাহিনী কল্যাণ তহবিল থেকে প্রত্যেকের জন্য ৫ লাখ টাকা করে অনুদান, বিডিআর তহবিল হতে প্রত্যেকের জন্য অনুদান ৫০ হাজার টাকা, বাংলাদেশ এসোসিয়েশন অব ব্যাংকস কর্তৃক প্রতি বছর প্রত্যেক পরিবারকে ৪ লাখ ৮০ হাজার টাকা করে সর্বমোট ২৪ লাখ টাকা প্রদান, শহীদ পরিবারবর্গকে ২ লাখ টাকা ট্রাস্ট মিউচ্যুয়াল ফান্ডে প্লেসমেন্ট শেয়ার প্রদান।
এছাড়াও নিয়মানুযায়ী প্রত্যেক শহীদ পরিবারবর্গকে পরিবার নিরাপত্তা প্রকল্প তহবিল, ডিএসওপি ফান্ড, কল্যাণ তহবিল হতে অনুদান, মৃত্যু আনুতোষিক, ছুটির পরিবর্তে নগদ অর্থ, কম্যুটেশন এবং মাসিক পেনশন প্রদান করা হয়েছে। এছাড়া শহীদ পরিবারের জন্য চাকরি, তাদের সন্তানদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও বিনা বেতনে অধ্যয়নের ব্যবস্থা, আবাসিক ব্যবস্থা নিশ্চিতসহ অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে।