পিন্টুকে সাজা দেয়া হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৩, ২২:৪১
পিলখানা হত্যা মামলায় বিএনপি নেতা নাসির উদ্দিন আহমেদ পিন্টুকে সম্পূর্ণ রাজনৈতিক ‘দুরভিসন্ধি’ থেকে ‘অন্যায়ভাবে’ সাজা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি পিন্টুর নিঃশর্ত মুক্তি দাবি করেন। দ্বিতীয় দফায় টানা ৬০ ঘণ্টা হরতালের দ্বিতীয় দিনে গতকাল মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
পিলখানা হত্যা মামলার রায় সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সামগ্রিক রায় নিয়ে আমরা কথা বলছি না। এটি আমাদের বিষয়ও নয়। আমরা শুধু বলছি পিন্টুকে অন্যায়ভাবে রাজনৈতিক উদ্দেশ্যে সাজা দেয়া হয়েছে। তিনি বলেন, এই ঘটনার পর সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের নেতৃস্থানীয় অনেকের নাম আসার পরেও তাদের বাদ দিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে পিন্টুকে গ্রেফতার করা হয়। অপর এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি আদায় না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। যা ক্রমান্বয়ে তীব্র থেকে তীব্রতর হবে। দাবি মেনে নিতে সরকারকে বাধ্য করা হবে। সরকারের ‘সর্বদলীয় সরকার’ গঠনের বিষয়টি কিভাবে মোকাবিলা করবেন - এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা আবারও বলছি- বিএনপি সর্বদলীয় সরকারে অংশ নেবে না এবং এর অধীনে নির্বাচনেও যাবে না।