হরতালে পিরোজপুরে গাছ কাটার মহোত্সব
প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৩, ২২:৪৩
হরতাল-অবরোধ করতে গ্রামীণ সড়কে গাছ কাটার মহোত্সব চলছে। পিরোজপুর জেলায় এই প্রবণতা উদ্বেগজনক। রাতের আঁধারে করাত-কুঠার-দা দিয়ে সরকারি রাস্তার পাশের গাছ কেটে হরতালকারিরা সড়ক অবরোধ করছে। বিরোধী দলের চলতি ৬০ ঘণ্টাসহ গত সপ্তাহের ৬০ ঘণ্টা এবং অতীতের বিভিন্ন হরতালে এভাবে গাছ কাটা হয়েছে।
রাতের আঁধারে গাছ কেটে সড়ক অবরোধ করা হয় দিনের বেলা পুলিশ চলাচলের স্বার্থে স্থানীয়দের সহায়তায় সেগুলো অপসারণ করে। এই অপসারণের সময় বেশির ভাগ গাছই বেহাত হয়ে যায়। পিরোজপুর জেলার জিয়ানগর, সদর ও নাজিরপুর উপজেলার সরকারি রাস্তার পাশে বনবিভাগ যে সামাজিক বনায়ন করেছে তার একাংশ এভাবেই নষ্ট হয়ে যাচ্ছে। জিয়ানগরের বালিপাড়া ও পত্তাশী ইউনিয়ন, সদরের কদমতলা, সিকদারমল্লিক ও দুর্গাপুর ইউনিয়ন এবং নাজিরপুরের শেখমাটিয়া ইউনিয়নে সামপ্রতিক হরতালে ব্যাপকভাবে গাছ কাটা হয়েছে।