‘হক এর ঘর’-চলচ্চিত্রের প্রিমিয়ার অনুষ্ঠিত

কামরুল আরেফিন পরিচালিত ‘হক এর ঘর’ প্রামাণ্য চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া হক-এর ঘর সংঘের আয়োজনে গত ১৮ অক্টোবর সন্ধ্যায় কুষ্টিয়া পৌরসভা বিজয় উল্লাস চত্বরে এ উপলক্ষে প্রধান অতিথির বক্তব্য রাখেন লেখক ও উপন্যাসিক ড. মুহাম্মদ জাফর ইকবাল। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন শাহ্জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা ড. ইয়াসমিন হক, লালন গবেষক অ্যাডভোকেট লালিম হক, বীর মুক্তিযোদ্ধা বদরুল আলম খান, নাট্যকার সুভাশিষ ভৌমিক, সম্মিলিত সাংস্কৃিতিক জোটের সাধারণ সম্পাদক আবৃত্তিকার হাসান আরীফ, সাংবাদিক রুমি নোমান, আব্দুল্লাহ মামুন প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ড. মুহাম্মদ জাফর ইকবাল বলেন, লালনের দর্শনকে টিকিয়ে রাখতে হলে লালন চর্চা অব্যাহত রাখতে হবে। এ জন্য প্রকৃত লালন অনুসারী বাউলদের স্বাধীনভাবে লালনের দর্শন চর্চার সুযোগ দিতে হবে। তাই লালনের আখড়াকে অবিলম্বে বাউলদের কাছে ফিরিয়ে দিতে হবে। তিনি কুষ্টিয়া জেলা প্রশাসকের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তিনি (জেলা প্রশাসক) যেন দেশের সর্বচ্চ আদালত সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী লালনের আখড়াকে সেবা সদন কমিটির হাতে হস্তান্তর করার ব্যবস্থা করেন। উল্লেখ্য, কুষ্টিয়ার কুমারখালি উপজেলার ছেঁউড়িয়ায় অবস্থিত বাউল সম্রাট ফকির লালন সাঁইজির আখড়া থেকে ১৯৮৪ সাল হতে তার অনুসারীরা বিতাড়িত। সাঁইজির অনুসারীদের সংগ্রাম, লড়াই এবং তাদের আদর্শের জায়গা থেকে বর্তমান সমাজ ব্যবস্থাকে তুলে ধরতে নির্মিত হয়েছে ‘হক এর ঘর’ প্রামাণ্য চলচ্চিত্র। বিজয় উল্লাস চত্বরে প্রিমিয়ার শো দেখতে স্থানীয় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।