রুপালি স্বপ্নে তারা
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৩, ১৯:৪৬
মূল ফিচার
আগামীকাল শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে আরেফিন শুভ ও আইরিন অভিনীত প্রথম চলচ্চিত্র ‘ভালোবাসা জিন্দাবাদ’। দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় এই ছবিটি দেশের অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। রোমান্টিক, অ্যাকশন ঘরানার এ ছবি নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বুনছেন আশার স্বপ্ন। এই চলচ্চিত্রের হালহকিকত নিয়ে আমাদের এবারের মূলফিচার। লিখেছেন খালেদ আহমেদ
ঈদের পর প্রথম ছবি হিসেবে মুক্তি পেতে যাচ্ছে ‘ভালোবাসা জিন্দাবাদ’। বিনোদনধর্মী এ ছবিটির গল্প গড়ে উঠেছে প্রেমিক-প্রেমিকার ভালোবাসাকে কেন্দ্র করে। বাবার একমাত্র ধনীর দুলালী মেয়েকে একটি ছেলে ভালোবাসে। অন্যদিকে বাবাও তার মেয়েকে জীবন দিয়ে ভালোবাসেন। বাবা চান না তার মেয়ে বাবার অমতে অন্য কাউকে পছন্দ করুক বা বিয়ে করুক। কিন্তু প্রেমিককে ছাড়া মেয়ে অন্য কিছুই ভাবতে পারে না। একদিকে প্রেমিকের ভালোবাসা অন্যদিকে বাবার ভালোবাসা-এ দুয়ের মধ্যে শুরু হয় লড়াই। শেষ পর্যন্ত সত্যিকারের ভালোবাসার জয়ের মধ্য দিয়েই ছবির গল্প শেষ হয়। শুভ ও আইরিন ছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, কাবিলা, আবদুল কাদের, তুষার খান, রেবেকা প্রমুখ। এই ছবির সংগীত পরিচালনা করেছেন শওকত আলী ইমন। আর গানগুলোতে কণ্ঠ দিয়েছেন সায়মন, কনা, কোনাল, পারভেজ, ভারতের শান প্রমুখ। ছবিতে অভিনয় প্রসঙ্গে আরেফিন শুভ বলেন, ‘দেবাশীষ দা’র ছবিতে অভিনয়ের একটা বড় ইচ্ছে ছিল। ‘ভালোবাসা জিন্দাবাদ’ দিয়ে তা পূরণ হয়েছে। আমার অনেক বেশি ভালো লাগার একটি ছবি। অনেক পরিশ্রম করেছি। ছবিটি সবার পছন্দ হবে।’ নিজের চরিত্র সম্পর্কে আইরিন বলেন, ‘বড়লোকের আদরের মেয়ে আমি। চরিত্রটি অনেক মজার। অভিনয় করার অনেক সুযোগ ছিল। চেষ্টা করেছি চরিত্রটিকে ফুটিয়ে তোলার। দেবাশীষ দা এবং শুভ ভাইয়া দুজনই আমাকে সহযোগিতাও করছেন। আশা করছি, সবাই ভালোমানের একটি ছবি পাবেন।’ এদিকে ছবির অভিনয়শিল্পীদের সম্পর্কে দেবাশীষ বিশ্বাস বলেন, ‘টেলিভিশনের একটি আড্ডার অনুষ্ঠানে প্রথম আইরিনকে দেখেই আমি তাকে নিয়ে আমার ছবির জন্য ভাবতে থাকি। এরপর আলাপ-আলোচনার মাধ্যমে তাকে রাজি করাই। আইরিনও গল্পটি শুনে বেশ মুগ্ধ। আর আরেফিন শুভর ব্যাপারে আমি বরাবরই খুব আগ্রহী ছিলাম। ওর ভেতরে আলাদা সম্ভাবনা রয়েছে বলেই আমার বিশ্বাস ছিল। এমনকি বাংলাদেশি চলচ্চিত্রে সে নতুন কিছু করে দেখাতে পারবে বলেও আমি মনে করি। এ ছবিটি সম্পূর্ণ বিনোদনকেন্দ্রিক। বাণিজ্যিক ছবিতে যা যা থাকার প্রয়োজন তার সবই আছে এ ছবিতে। এটি দেখার জন্য দর্শকরা যে মূল্যবান সময় ব্যয় করবেন তার প্রতিদান আমি দিতে পারব বলেই আমার বিশ্বাস। আমি মনে করি, সব মিলিয়ে একটি চমত্কার ছবি দর্শকদের উপহার দিতে পেরেছি।’ ‘ভালোবাসা জিন্দাবাদ’ ছবিটি প্রযোজনা করেছে ইআর প্রোডাকশন। পরিবেশনার দায়িত্বে রয়েছে গীতি চিত্রকথা। এর আগে ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ ও ‘শুভবিবাহ’ নামে দুটি ছবি নির্মাণ করেছিলেন দেবাশীষ বিশ্বাস। দেবাশীষ বিশ্বাসের ছবি মানেই ভরপুর ভালোবাসার গল্প। সেই ধারাবাহিকতায় তিনি নির্মাণ করেছেন এই চলচ্চিত্র। গল্প ও ভালো নির্মাণের জন্য ছবিটি বিনা কর্তনে সেন্সর ছাড়পত্রও পায়। সেইসাথে সেন্সর বোর্ডের সদস্যরা ছবির ভূয়সী প্রশংসাও করেছেন। এ প্রসঙ্গে ছবির পরিচালক দেবাশীষ বিশ্বাস বলেন, ‘ছবিটি নির্মাণ শৈলী ও গল্প সেন্সর বোর্ডের সদস্যদের বেশ ভালো লেগেছে। তারা এ ধরনের ছবি নির্মাণের জন্য সবাইকে এগিয়ে আসার পরামর্শও দিয়েছেন।’
আরেফিন শুভর চলচ্চিত্রে অভিষেক ঘটে খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ সিনেমার মাধ্যমে। এরপর তিনি মোস্তফা কামাল রাজের ‘ছায়াছবি’, সাফী উদ্দিনের ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী’তে অভিনয় করেন। সম্প্রতি শেষ করেছেন ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘অগ্নি’ ছবির কাজ। বর্তমানে অভিনয় করছেন সোহানুর রহমান সোহানের ‘জ্বালা বড় জ্বালা’, ফয়সাল রাব্বির ‘এ কেমন প্রেমের গল্প’ এবং এফ আই মানিক ‘এত কষ্ট কেন ভালোবেসে’ চলচ্চিত্রে। অন্যদিকে র্যাম্প কন্যা আইরিন প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন মোহাম্মদ হোসেন পারভেজের পরিচালনায় ‘প্রিয়তমা, তুমি দাড়ি আমি কমা’তে। যা এখনও মুক্তি পায়নি। এরপর কাজ করেন গাজীউর রহমানের পরিচালনায় ‘সেই তুমি’, সাইফ চন্দনের ‘ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল’, ফয়সাল রাব্বীর ‘এ কেমন প্রেমের গল্প’ চলচ্চিত্রে। এ ছাড়া মুহম্মদ জাফর ইকবালের লেখা কিশোর উপন্যাস এবং আফসানা মিমির পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘ক্যাম্প’-এ গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আইরিনকে। রোমান্টিক, অ্যাকশন ঘরানার ছবি ‘ভালোবাসা জিন্দাবাদ’ নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বুনছেন আশার স্বপ্ন। এ ছবি নিয়ে প্রত্যাশার কথা জানতে চাইলে শুভ বলেন, ‘এই ছবিতে আমি প্রথমবারের মতো একক নায়ক হিসেবে সুযোগ পেয়েছি। ফলে চরিত্রটিকে ফুটিয়ে তোলার যথেষ্ট জায়গা ছিল। চেষ্টাও করেছি সাধ্যমতো। বাকিটুকু দর্শকরা বিচার করবেন। আশা করছি, আমি তাদের মন জয় করতে পারব।’ অন্যদিকে আইরিন বলেন, ‘এটি আমার মুক্তি পাওয়া প্রথম ছবি। অনেকেই বলেন, র্যাম্পের মেয়েরা অভিনয় জানে না, আমি সেই ধারণা পাল্টে দিতে চাই। দেখাতে চাই আমরাও পারি। আর তাই দর্শকদের অনুরোধ করব, ছবিটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখার জন্য।’ শুভ ও আইরিন জুটির প্রথম এই ছবিটি দর্শকরা সুন্দরভাবে গ্রহণ করুক, এই প্রত্যাশা আমাদের।