খোঁজখবর

‘সংক্রমণ’-এ বাঁধন লাক্সতারকা বাঁধন বরাবরই ভালো চরিত্রে অভিনয় করতে ভালোবাসেন। সোলায়মান জুয়েল রচিত ও পরিচালিত এক খণ্ডের নাটক ‘সংক্রমণ’-এ দর্শকরা তাকে দেখতে পাবেন অন্যরকম একটি চরিত্রে। নাটকে বাঁধনের বিপরীতে অভিনয় করেছেন মাজনুন মিজান। এতে অভিনয় প্রসঙ্গে বাঁধন বলেন, ‘সংক্রমণ’-এর গল্পটি আমার ভালো লেগেছে। আমাদের জীবনের খুব কাছের গল্পই মূলত নতুন করে ফ্রেমবন্দী করে আবার দেখা। আশা করি দর্শকের অনেক ভালো লাগবে।’ খুব শিগগিরই প্রচারে আসছে বাঁধন অভিনীত নতুন দুটি ধারাবাহিক নাটক। একটি কচি খন্দকার পরিচালিত ‘ইয়েস বস নো বস’ ও অন্যটি আরিফ খান পরিচালিত ‘সিক্রেট সার্ভিস’। ০০০ ছোটপর্দায় ব্যস্ততা চিত্রনায়ক আমিন খান চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি এখন ছোটপর্দার কাজেও ভীষণ ব্যস্ত হয়ে পড়েছেন। ছোটপর্দার অনেক অভিনেত্রীর সাথে তিনি অভিনয় করলেও এবারই প্রথম তিনি ‘মনপুরা’খ্যাত নায়িকা ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারহানা মিলির সাথে একটি নাটকে কাজ করলেন। হাবিব জাকারিয়া উল্লাস রচিত ও অনন্য ইমন পরিচালিত খণ্ড নাটক ‘কো-ইনসিডেন্ট’-এ তারা দু’জন প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়ে অভিনয় করলেন। ভিন্নধর্মী একটি গল্প নিয়েই মূলত নাটকের কাহিনী আবর্তিত হয়েছে। ফারহানা মিলির সাথে কাজ করা প্রসঙ্গে চিত্রনায়ক আমিন খান বলেন, ‘মিলির ‘মনপুরা’ ছবিটি আমি দেখেছি। অসাধারণ অভিনয় করেছেন তিনি। অত্যন্ত বিনয়ী একজন শিল্পী। এত তাড়াতাড়ি চরিত্রের গভীরে তিনি প্রবেশ করতে পারেন ভাবাই যায় না। তার সাথে কাজ করে খুবই ভালো লেগেছে।’ এদিকে এরইমধ্যে আমিন খান জানভীর সাথে আবারও জুটিবদ্ধ হয়ে শেষ করেছেন তাজু কামরুল পরিচালিত টেলিফিল্ম ‘না বলা ভালোবাসা’র কাজ। ০০০ বিড়ালের জন্য শোক অভিনেত্রী ইশানার পোষা বিড়াল হারিয়ে গেছে। এ নিয়ে তার মন খারাপ। মনের কষ্টটা তিনি কাছের বন্ধুদের সঙ্গে ভাগ করতেও পারছেন না। বন্ধুরা বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত। ইশানার মনটা তাই আরও খারাপ। বন্ধুরা কিন্তু তাকে নিয়ে ভাবছে। এটা তিনি মোটেও জানেন না। তার জন্য একটি পুতুল বিড়ালও কিনেছে। বিড়ালটি তাকে উপহার দেওয়ার পর বন্ধুরা বলে, এটা কখনও হারিয়ে যাবে না, ঘর নষ্ট করবে না। বন্ধুদের এ ভালোবাসায় ইশানা অবাক। বিশেষ কারণে তিন মাস বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখেননি ইশানা। হঠাত্ তিনি অস্ট্রেলিয়া চলে যাচ্ছেন। বন্ধুদের মধ্যে একজন তাকে খুব ভালোবাসে। ইশানা জানার পরে ভাবছে কী করবে। এমনি নানা ঘটনা নিয়ে তৈরি হল খণ্ড নাটক ‘বন্ধুত্বের আড়ালে’। রচনা ও পরিচালনা করেছে বদরুজ্জামান শুভ। এই নাটকে অভিনয় প্রসঙ্গে ইশানা বলেন, ‘নাটকে আমি সহজ সরল এক মেয়ের চরিত্রে অভিনয় করেছি। সব সময় সবার আগে যে কোনো কাজ করার আগ্রহ প্রকাশ করে। চরিত্রটি আমার পছন্দ হয়েছে। কাজ করার সময় চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’ ০০০ এবার গোলযোগ ছোটপর্দার ব্যস্ততম অভিনেতা মীর সাব্বির এবার ভিন্ন একটি চরিত্রে অভিনয় করলেন। এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক ‘যোগাযোগ গোলযোগ’-এ তাকে দর্শকরা দেখতে পাবেন। এই নাটকে সাব্বিরের বিপরীতে অভিনয় করেছেন লাক্স তারকা ঊর্মিলা। নাটকে পরিবারের ছোট ছেলের চরিত্রে অভিনয় করছেন মীর সাব্বির। পরিবারের নানা সমস্যা সমাধানে একসময় এগিয়ে আসে ঊর্মিলা। এগিয়ে যায় নাটকের গল্প। ধারাবাহিক এই নাটকটি নভেম্বর মাসেই এনটিভিতে প্রচার শুরু হবে। প্রথমবারের মতো ঊর্মিলার সাথে কাজ করা প্রসঙ্গে মীর সাব্বির বলেন, ‘বিগত বেশ কয়েক বছরে আমাদের মিডিয়াতে অনেক স্মার্ট-সুন্দরী অভিনেত্রীর অভিষেক ঘটেছে। কিন্তু ঊর্মিলা শুধু সুন্দরীই নয়, একজন সম্ভাবনাময় অভিনেত্রীও বটে। খুব ভালো অভিনয় করেন তিনি। যদি তিনি তার কাজের ধারাবাহিকতা বজায় রেখে চলেন তবে সত্যিই অনেক বড় মাপের একজন অভিনেত্রী হতে পারবেন তিনি।’ ০০০ চার বছর পর পরিচালনায় আমিরুল হক চৌধুরী দর্শকপ্রিয় নাট্যাভিনেতা আমিরুল হক চৌধুরী চার বছর পর আবারও একটি টেলিফিল্ম নির্মাণ করছেন। জুয়েল মাহমুদের রচনায় ও আমিরুল হক চৌধুরীর চিত্রনাট্য ও পরিচালনায় শুটিং চলতি এই টেলিফিল্মের নাম ‘একজন গনি মিয়া’। মূলত দেশ স্বাধীনতার পর থেকে আজও আমাদের দেশে নারী নির্যাতনের যে ধারাবাহিকতা বহমান তারই বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ মানুষকে সচেতন করার লক্ষ্যেই এই টেলিফিল্মটি নির্মাণ করছেন আমিরুল হক চৌধুরী। টেলিফিল্মটি নিজে পরিচালনা করার পাশাপাশি এতে তিনি নাম ভূমিকাতে অভিনয়ও করছেন। টেলিফিল্মটিতে আরও যারা অভিনয় করেছেন তারা হলেন মীর সাব্বির, মাজনুন মিজান, নাদিয়া। আমিরুল হক চৌধুরী জানান আসছে বিজয় দিবসে ‘মাটি মিডিয়া’ থেকে নির্মিত এই টেলিফিল্মটি এটিএন বাংলায় প্রচার হবে। উল্লেখ্য আজ থেকে চার বছর আগে মানিক বন্দোপাধ্যায়ের ‘প্রাগৈতিহাসিক’ অবলম্বনে প্রথম টেলিফিল্ম নির্মাণ করেন আমিরুল হক চৌধুরী। এর চিত্রনাট্য ও পরিচালনা তিনি নিজেই করেছিলেন।