বেক্সিমকো মিডিয়ার নিয়মিত পাক্ষিক আনন্দভুবন দীর্ঘদিন যাবত দেশীয় পোশাক নিয়ে কাজ করে আসছে। এই ধারাবাহিকতায় এবারও আনন্দভুবন আয়োজন করেছে আনন্দভুবন ঈদ ফ্যাশন নকশাবিদ প্রতিযোগিতা-২০১৯। এবার মোট ছয়টি ক্যাটাগরিতে পোশাক জমা নেওয়া হয়েছে। বিভাগগুলো হলো শাড়ি, সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, পাঞ্জাবি, ফিউশন ও শিশুদের পোশাক। ছয়টি ক্যাটাগরিতে মোট ৫৩০টি পোশাক জমা পড়েছে। এখান থেকে প্রাথমিক বাছাই করে ১২০টি পোশাক নির্বাচন করা হয়েছে, এই ১২০টি পোশাক থেকে ছয় ক্যাটাগরিতে বিচারকদের রায়ে ২০টি পোশাক চূড়ান্তভাবে নির্বাচন করা হয়। গত ১৮ মে নির্বাচিত পোশাকের ডিজাইনারদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। ডিজাইনারদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন আনন্দভুবনের প্রধান সম্পাদক আলমগীর হোসেন, সম্পাদক ইকবাল খোরশেদ, শান্ত মারিয়াম ইউনিভার্সিটির ক্রিয়েটিভ টেকনোলজির এনকে কায়কোবাদ রানা, শাইনপুকুর সিরামিকের হেড অব মার্কেটিং তানভীরুল ইসলাম, নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী ভাবনা এবং চলচ্চিত্র ও নাট্য নির্মাতা অনিমেষ আইচ। সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন আনন্দভুবনের ঊর্ধ্বতন সহ-সম্পাদক শেখ সেলিম।