আবারো অনিশ্চয়তার মুখে সিরিয়ার শান্তি আলোচনা

কয়েকটি বিষয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ঐকমত্য না হওয়ায় সিরিয়া সংকট নিয়ে শান্তি সম্মেলনের তারিখ নির্ধারণ করা সম্ভব হয়নি। সিরিয়ার গৃহযুদ্ধ অবসানের পর ইরানের ভূমিকা কী হবে আর সিরিয়ার বিরোধী দলের প্রতিনিধিত্ব কারা করবে, এ দুটি বিষয়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা না হওয়ায় এই অনিশ্চয়তা তৈরি হয়েছে। মঙ্গলবার এ খবর জানিয়েছেন জাতিসংঘ ও আরব লিগের সিরিয়া বিষয়ক শান্তিদূত লাখদার ব্রাহিমি। জেনেভায় জাতিসংঘের দপ্তরে যুক্তরাষ্ট্র ও রুশ প্রতিনিধিদের সঙ্গে সম্মেলন নিয়ে আলোচনায় সভাপতিত্ব করেন লাখদার ব্রাহিমি। ব্রাহিমির সঙ্গে আলোচনায় রাশিয়ার পক্ষে প্রতিনিধিত্ব করছেন রুশ উপ-পররাষ্ট্র মন্ত্রী গেন্নাদি গাতিলভ ও তার সহকর্মী উপপররাষ্ট্র মন্ত্রী মিখাইল বোগদানভ। আর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে আছেন দেশটির উপ-পররাষ্ট্র মন্ত্রী ওয়েন্ডি শেরম্যান এবং সিরিয়ায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট ফোর্ড। সভায় দুই বিশ্বশক্তির মধ্যে সমঝোতা না হওয়ায় তারিখ নির্ধারণ করা যায়নি বলে জানিয়েছেন ব্রাহিমি। তিনি বলেন, ‘আজ আমরা একটি তারিখ ঘোষণা করতে পারবো বলেই মনে করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা তা পারিনি। তবে চলতি বছর শেষ হওয়ার আগেই সম্মেলন আয়োজনের জন্য চেষ্টা করে যাচ্ছি আমরা।’ বিস্তৃত পরিসরে আরো বিভিন্ন দেশের প্রতিনিধিদের নিয়ে সম্মেলন বিষয়ে আলোচনা শুরুর আগে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার জ্যেষ্ঠ কূটনীতিকদের সঙ্গে সম্মেলনের রুপরেখা নিয়ে আলোচনা করেছেন ব্রাহিমি। নভেম্বরের ২৫ তারিখে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধিদের নিয়ে আবার আলোচনায় বসবেন বলে জানিয়েছেন তিনি। শান্তি সম্মেলনে সিরিয়ার বিরোধী দলগুলোর প্রতিনিধিত্ব কারা করবে সেই বিষয়ে এই বৈঠকের আগেই বিরোধীরা একমত হতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। তিনি বলেন, ‘সিরিয়ার বিরোধী দলগুলো খুব, খুব কঠিন সময় পার করছে। তারা বিভক্ত। কারো কাছে এটি আর গোপন নেই। তারা যত ধরনের সমস্যা আছে সবগুলোর মুখোমুখি হচ্ছে, তাই তারা প্রস্তুত নয়।’ উল্লেখ্য, বিদ্রোহীরা দাবি করছে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদ পদত্যাগ করবে শুধুমাত্র এমন সম্ভাবনা থাকলেই তারা আলোচনায় অংশ নেবে। কিন্তু সিরিয়ার সরকার বিরোধীদের এমন দাবি নাকচ করে দিয়েছে।