উত্তর প্রদেশে রাহুলের জনসভায় ভাটা, হতাশায় কংগ্রেস
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৩, ২০:৪০
ভারতের ক্ষমতাসীন কংগ্রেস দলের সহ-সভাপতি রাহুল গান্ধীর মঙ্গলবারে উত্তর প্রদেশের জনসভায় আশানুরূপ লোকজনের সমাগম হয়নি। বিষয়টি নিয়ে কংগ্রেসের মাঝে যথেষ্ট উদ্বেগের সৃষ্টি হয়েছে। তাই তারা তাদের অবস্থান সক্রিয় করতে বিশেষ করে সামনের বছরের সাধারণ নির্বাচনকে সামনে রেখে চলতি মাসে আরো কয়েকটি জনসভা করতে যাচ্ছেন। —খবর টাইমস অব ইন্ডিয়ার।
উত্তর প্রদেশে রাহুলের জনসভায় ওইদিন কাঙ্ক্ষিত সাড়া না পড়ায় বিশ্লেষক মহলে এ নিয়ে ভাবনা-চিন্তার খোরাক জন্মেছে। কংগ্রেসের মাঝে সৃষ্টি হয়েছে আতঙ্কের জায়গা। তারা মনে করছেন, এতে করে আমেথির নির্বাচনে কোন প্রভাব পড়বে কি-না। এ কারণে স্থানীয় পর্যায়ে আঞ্চলিক বিশেষ সভার আহবান করা হয়েছে। আগামী ৯ নভেম্বর স্থানীয় প্রধান, সমন্বয়ক ও দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। সভায় সামনের নির্বাচনী সমাবেশে কি কি করণীয়, কৌশলগত দিক কি হবে, কোথায় কোথায় অসামঞ্জস্য রয়েছে তা নিয়ে আলোচনা হবে। যদিও কংগ্রেসের তরফ থেকে এখনও পর্যন্ত কোন চূড়ান্ত ঘোষণা দেয়া হয়নি। রাহুল চলতি মাসে চারটিরও বেশি জনসভা করতে পারেন। আলীগড়, রামপুর, হারিমপুর ও সালেমপুরে এ জনসভা অনুষ্ঠিত হবে।