‘নীল রঙের স্বপ্ন’ সাফল্যে সৌখিন

জাকারিয়া সৌখিন নিজের ভাবনার সৌখিনতা থেকেই নাটক লেখার কাজে এলেও মোহের ঘোরেই এখন দেশের জনপ্রিয় তরুণ নাট্যকারদের একজন। এরই ভেতরে একাধিক একক নাটক লিখে ফেলেছেন তিনি। সম্প্রতি এনটিভিতে শুরু করেছেন ‘নীল রঙের স্বপ্ন’ নামের নতুন এক ধারাবাহিক। একক নাটক ও ধারাবাহিকে কাজের অনুভূতির পরিবর্তনটা কেমন তা জানতে চাইলে সৌখিন বলেন, ‘একটা টি-টুয়েন্টি, আরেকটা টেস্ট ম্যাচ। তবে দুটোরই ব্যাটিংয়ে আমি মজা পাই।’ এনটিভিতে প্রচারিত এই নাটকটি এরই ভেতরে দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। নাট্যকারের কথায়, ‘আসলে রেসপন্সটা আসে ধীরে। তবে বোঝা যায়। এই সময়ের একটি ধারাবাহিকে দীর্ঘদিন দর্শকদের ধরে রাখার জন্য অনেক গবেষণা করতে হয়। এটা এক অন্য ধরনের এক্সপেরিমেন্ট।’ বিভিন্ন ধারার নাটকের পাশাপাশি সম্প্রতি ‘গেম’ চলচ্চিত্রের স্ক্রিপ্ট লিখেছেন। এর কাহিনী-সংলাপ প্রসঙ্গে জাকারিয়া সৌখিন বলেন, ‘সম্প্রতি আমাদের প্রিয় এক কলিগের লেখা একটি চলচ্চিত্র আমার বন্ধু দেখতে গিয়েছে হলে। পাশে বসে থাকা দুই তরুণী হড়বড় করে বলে দিচ্ছে এরপর কী হতে পারে। এবং স্ক্রিনেও তাই হচ্ছে। আমি অন্তত এই ভয়েই ভীত ছিলাম ‘গেম’ চলচ্চিত্র লেখার পর। কারণ আমি চাই না দর্শকেরা আগেই ছবির গল্প বলে দিক বা আন্তাজ করতে পারুক। দেখা যাক বাকিটা বুঝা যাবে ছবিটি রিলিজের পর।’ নতুন কোনো চলচ্চিত্রের স্ক্রিপ্ট করছেন কি না জানতে চাইলে সৌখিন বলেন, ‘না আপাতত আমি কৌশিক শংকর দাসের পরিচালনায় আমার ধারাবাহিক ‘নীল রঙের স্বপ্ন’ নিয়েই আছি। সম্প্রতি চয়নিকা চৌধুরীর আরও একটি ধারাবাহিকে লেখা লিখছি। আর এফডিসি ঘরানার মানুষ হতে আসলে আমার আরও খানিকটা সময় লাগবে। আমি সেই অপেক্ষায় আছি।’