শিশুদের রঙিন ঈদ

ঈদের আনন্দ বেশি রঙিন হয়ে থাকে শৈশবের সময়টা। সময়ের সঙ্গে সঙ্গে শিশুরা বড় হয় এবং তাদের জীবনের ছোটবেলার সেরা ঈদগুলো রয়ে যায় স্মৃতিতে। শিশুদের ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ নতুন পোশাক। তাই তো নান্দনিক ডিজাইনের নতুন পোশাকের বর্ণিল ছোঁয়া মনের মাঝে দোলা দেয়। শিশুদের রঙিন পোশাক নিয়ে লিখেছেন মেরিনা আহমেদ

 

 

 

ঈদ মানেই ছোটদের ঈদ। একটি পরিবারে সবার আগে ঈদ শপিং করা হয় সেই পরিবারের ছোট্ট সদস্যদের জন্য। বড়দের পোশাক কেনা হোক বা না হোক, ছোটদের পোশাক কেনা চাই। অভিভাবকও সবচেয়ে আকর্ষণীয় সুন্দর পোশাকটি কিনে দিতে চান সন্তানকে। আর এবারের ঈদ শপিংয়ের চিত্রেও এর বিন্দুমাত্র ভিন্নতা চোখে পড়েনি। বিভিন্ন শপিংমলগুলোতে শিশুদের পোশাক কেনার জন্য ভিড় লেগেছে। এবারের ঈদে গরমের প্রভাব থাকবে। তাই শিশুদের জন্য বেছে নিতে হবে এমন পোশাক যাতে গরমেও তারা স্বস্তিতে থাকতে পারে। আর ছোটদের ঈদ পোশাকের কাপড় অবশ্যই আরামদায়ক হতে হবে। তারা ছোটাছুটি করতে পছন্দ করে। সুতরাং তাদের পোশাক যদি আরামদায়ক না হয়, তবে বেশ অস্বস্তিতে পড়বে। তাদের ঈদের আনন্দ যেন মাটি না হয় সেদিকে দেশীয় ফ্যাশন হাউসগুলো বিশেষ নজর রেখেছে। সুতি কাপড়ের বৈচিত্র্যময় ব্যবহার করেছে তারা। কাপড়ের মধ্যে প্রাধান্য পেয়েছে কটন জর্জেট, বেক্সি ভয়েল, ভয়েল ও অ্যান্ডি কটন। বাজার ঘুরে শিশুদের হাজার রকমের পোশাক পাবেন আপনি। তবে কিনবেন কোনটি? পোশাকের মান বিবেচনা করে দিন আপনি আর পছন্দ করতে দিন তাদেরই। মানে ছোটদের। তাদের পছন্দের রং ও কাট দেখেই পোশাক কিনুন। ভুলেও আপনার পছন্দটা শিশুর ওপর চাপিয়ে দেবেন না। এতে শিশুর ঈদ আনন্দ পুরোপুরি মাটি হয়ে যাবে। তবে শিশুটি যদি পছন্দ করার মতো বয়সে উপনীত না হয়, তবে তাকে সহযোগিতা করুন। বছরের সবচেয়ে বড় উত্সবে শিশুর পোশাক যেন উজ্জ্বল রঙের হয় সেদিকে খেয়াল রাখুন। উজ্জ্বল রঙের দিকে খেয়াল রাখার পাশাপাশি নজর দিন রঙের রুচিশীল ব্যবহারের দিকেও। নানা রঙের কাপড়ের বাহারি ব্যবহারের সঙ্গে এবার ছোটদের পোশাকে প্রিন্টের খেলাও আপনার চোখে পড়বে। প্রিন্টের মধ্যে স্ক্রিন ও ব্লক প্রিন্ট রয়েছে। এছাড়া আপনার নজর এড়াবে না রঙিন সুতার এমব্রয়ডারির কাজও। বৈচিত্র্য আনতে থাকছে রিবনের সৃষ্টিশীল ব্যবহারও। শিশুদের

পোশাক নিয়ে কে ক্র্যাফটের কর্ণধার খালিদ মাহমুদ খান বলেন, ‘ঈদের খুশিতে সবার আগে মেতে ওঠে শিশুরা। তাই তাদের জন্য ঈদে থাকে বর্ণিল পোশাকের পসরা। ঈদ মানেই উত্সবের রঙে নিজেকে রাঙানো। তাই নানা রঙিন ও বাহারি পোশাকে সেজে উঠেছে আমাদের ফ্যাশন আউটলেটগুলো। নবজাতক থেকে শুরু করে বিভিন্ন বয়সী  শিশুদের জন্য রয়েছে হরেক রকমের পোশাক। নেট, লেইস, ক্রেপ, চিকেন, কটন ও লিনেন কাপড়ে তৈরি করা হয়েছে লং ড্রেস, গাউন, ফ্রক, টুপার্ট ড্রেস, আনারকলি, লেয়ার ফ্রক, সালোয়ার-কামিজ, স্কার্ট, বেবি টিউনিক ও কটিওয়ালা ড্রেস। ছেলেদের জন্য শার্ট, পাঞ্জাবি, টি-শার্ট, সেট ড্রেস (শার্ট-প্যান্ট) ইত্যাদি। হাতের কাজে, মেশিন এমব্রয়ডারিতে অলঙ্করণ করা হয়েছে পোশাক। এছাড়াও প্রিন্ট, প্যাটার্নে বৈচিত্র্য ও লেইস ব্যবহার করে আনা হয়েছে নতুনত্ব।’ শিশুদের পোশাক কেনার জন্য আপনার পছন্দের জায়গা হতে পারে দেশীয় ফ্যাশন হাউস কে ক্র্যাফট, রঙ বাংলাদেশ, অঞ্জন’স, নগরদোলা, সাদাকালো, বিবিয়ানা ইত্যাদি। একইসঙ্গে নিউ মার্কেট, গাউছিয়া, বসুন্ধরা সিটি, ইস্টার্ন প্লাজা, মেট্রো শপিংমল, সীমান্ত স্কয়ারসহ রাজধানীর যেকোনো শপিংমলে পাবেন শিশুদের ঈদ পোশাকের বড় রকমের সংগ্রহ। শিশুর জন্য তৈরি পোশাকে কী ধরনের মেটারিয়াল ব্যবহার করা হয়েছে খেয়াল রাখুন। অনেক সময় শিশু পোশাক মুখে নেয়। সুতরাং পোশাকে শিশুর কোমল ত্বকের জন্য ক্ষতিকর কিছু ব্যবহার করা হয়েছে কি না নিশ্চিত হয়ে নিন। পোশাকের সৌন্দর্যের পাশাপাশি ব্যবহূত মেটারিয়াল কতটা নিরাপদ তাও নিশ্চিত হয়ে নিন। আনন্দ-উত্সবে আমরা যেন শিশুর হাতে সুন্দর ও স্বাস্থ্যসম্মত একটি নতুন পোশাক তুলে দিতে পারি, এই কামনা হোক সবার।

 

পোশাক ও ছবি

কে ক্র্যাফট