আজ মান্না দে’র গান গাইবেন সুবীর নন্দী
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৩, ২০:৪৮
সদ্য প্রয়াত উপমহাদেশের প্রবাদপ্রতিম সংগীতশিল্পী মান্না দে’র স্মরণে আজ রাত এগারোটায় মাছরাঙা টেলিভিশনের সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান ‘তোমায় গান শোনাব’-এর বিশেষ পর্বে গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী সুবীর নন্দী। দুই ঘণ্টা ব্যাপ্তির এ অনুষ্ঠানে শুধু মান্না দে’র গান করবেন তিনি। নিজের পছন্দের পাশাপাশি টেলিফোনে দর্শকদের অনুরোধের গানও করবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কৌশিক শংকর দাশ। প্রযোজনা করবেন সাইফুল ইসলাম। অনুষ্ঠানটি প্রসঙ্গে সুবীর নন্দী বলেন, ‘ব্যক্তিগতভাবে তার সাথে আমার শখ্যতা ছিল। আমি আমেরিকা বসে তার মৃত্যুসংবাদ শুনে খুবই আহত হয়েছি। জানি সবাইকেই চলে যেতে হবে। কিন্তু কারো কারো চলে যাওয়া যেন কোনো সময়ের জন্যই প্রস্তুত থাকে না কেউ। তার সর্বশেষ রেকর্ডটিও আমার কাছে আছে। যেখানে তার হাতের ছোঁয়া রয়েছে। আজ তাকে স্মরণ করব তারই গানে গানে।’