ডি জা ই না র ভা ব না
সৌমিক দাস
প্রধান নির্বাহী, রঙ বাংলাদেশ
বৈশাখের রেশ মেলানোর আগেই যেন ঈদ এসে গেল। আমাদের প্রস্তুতি শুরু হয়েছে অনেক আগে থেকেই। আন্তর্জাতিক ফ্যাশন ট্রেন্ড, আমাদের ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্য আর আবহাওয়াকে অতীব গুরুত্ব দিয়েই ঈদ সংগ্রহ তৈরি করা হয়েছে। সেখানে বিশেষ অনুঘটক হয়েছে এ সময়ের চাহিদা ও রঙ বাংলাদেশের স্বকীয়তা। ২৫ বছরের ঐতিহ্যের বাহক রঙ বাংলাদেশের অন্যতম সামগ্রী শাড়ি। রঙ বাংলাদেশের ডিজাইন স্টুডিও তাদের সৃজন নৈপুণ্যের সর্বোচ্চ দিয়ে ঈদ কালেকশনের শাড়িকে অনন্যতা দেওয়ার প্রয়াস পেয়েছেন। আরো আছে প্রতি উত্সবের মতো বিশেষ থিমনির্ভর সংগ্রহ। এবারের থিম ত্রয়ী ইসলামিক আর্ট, ফ্লোরাল, ইন্ডিয়ান টেক্সটাইল পুরো সংগ্রহকে দিয়েছে বিশেষ মাত্রা। নকশায় যোগ করেছে নান্দনিকতা। মূলত কটন শাড়ির ওপরই স্ক্রিন, ব্লক, হাতের কাজ, মেশিন এমব্রয়ডারি, কারচুপি, প্যাচওয়ার্কসহ নানান ভ্যালু এডিশন করা হয়েছে অলঙ্করণের প্রয়োজনে। উত্সব ধর্মী এক্সক্লুসিভ শাড়ি হয়েছে মসলিন আর হাফসিল্কের ওপরে। লাল, নেভি ব্লু, মেজেন্টা, অফ হোয়াইট, বিস্কুট, পেস্ট, মিষ্টি মেরুন, কফি শাড়িগুলোর মূল রং। আর দামও রয়েছে নাগালের মধ্যেই। আমাদের বিশ্বাস এই আয়োজন, সমৃদ্ধ সম্ভার কেবল আপনাদের পছন্দ হবে তাই নয়, উদযাপনের আনন্দকে বাড়িয়ে দেবে বহুগুণে। আমাদের উত্সব হোক দেশীয় পোশাকে, সবার ঈদ হোক পরিমল আনন্দে পরিপূর্ণ।