গঙ্গাচড়ায় একই জমিতে এক সাথে তিন ফসল
গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৩, ২১:২৫
গঙ্গাচড়ায় একই জমিতে ৩ ফসল আবাদ করে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন অনেকেই। উপজেলার গজঘন্টা ইউনিয়নের হাবু গ্রামের কৃষক মাহফুজার রহমান ভুট্টু তার নিজ জমিতে একই সঙ্গে লাগিয়েছেন আম, কাঁঠালের বাগান। সেই জমিতে চাষ করছেন আগাম কপি, সাথে লাগিয়েছেন পটল। পৈতৃক সূত্রে পাওয়া ভুট্টুর ৭০ শতক জমি। বহুদিন থেকে ভাবতে থাকেন এসব জমিতে লাভজনক কি করা যায়। এরই মাঝে ২ বছর আগে লাগান আম ও লিচুর গাছ। এসব গাছে ফল ধরতে শুরু করেছে। আগামী বছর থেকে লিচু বিক্রি শুরু করবেন। তাছাড়া জমির চারিদিকে রয়েছে সুপারি গাছ ও ইউক্লিপটাস গাছ। এ বছর একই জমিতে লাগিয়েছেন ৬ হাজার কপির চারা। সেই সাথে লাগিয়েছেন পটল। এ পর্যন্ত তার কপি ও পটল চাষে খরচ হয়েছে ১৫ হাজার টাকা। আশা করছেন ১ মাস পরেই কপি বিক্রি করেই ৪০ হাজার টাকা মুনাফা করবেন। কপি উঠার পর ২০ হাজার টাকার পটলও বিক্রি করবেন বলে তিনি জানান। এ প্রসঙ্গে ভুট্টু বলেন, আগে জমিতে ধান আবাদ করে কোন লাভ হতো না। তাই এই প্রযুক্তি নিয়েছি। বছরে বিভিন্ন ফসল থেকে কমপক্ষে ১ লাখ টাকা আয় হবে বলে তিনি আশাবাদী।