সেলাইয়ের কাজে উত্সাহিত হচ্ছেন মোরেলগঞ্জের নারীরা

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী গ্রামের দীপ্তি রানী পোশাক তৈরি করে সংসারের সচ্ছলতা ফিরে পেয়েছেন। স্বামী-সন্তান নিয়ে সুখে-স্বাচ্ছন্দ্যে দিন কাটাচ্ছেন। সিডর ও আইলা বিধ্বস্ত মোরেলগঞ্জের সাধারণ মানুষ এখনো ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। সিডরে ক্ষতিগ্রস্তদের মধ্যে একজন দীপ্তি রানী। পোশাক তৈরি ও টেইলারিংয়ের কাজ জানা সত্ত্বেও পুঁজির অভাবে তার ব্যবসার সমপ্রসারণ ঘটাতে পারছিলেন না। এমন সময় পাশে দাঁড়ায় কয়েকটি বেসরকারি সংস্থা। তার ব্যবসা সমপ্রসারণের জন্য প্রথম দফায় ১২ হাজার, দ্বিতীয় দফায় ১৪ হাজার ও তৃতীয় দফায় ১৮ হাজার টাকা সুদমুক্ত ঋণ গ্রহণ করে ভালভাবে টেইলার্সের কাজ চালিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে এক মেয়েকে পাত্রস্থ করেছেন। ছোট মেয়ে সুবর্ণা ডিগ্রিতে অধ্যয়নরত। স্বামী-মেয়ে নিয়ে সুখে-শান্তিতে জীবন যাপন করছেন। দীপ্তি রানী বলেন, ঋণ নিয়ে টেইলারিংয়ের কাজ করে সিডরের ক্ষয়ক্ষতি কাটিয়ে নতুন করে বাঁচার আশা খুঁজে পেয়েছি।