পৃথক ঘটনায় ৯জন খুন
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৩, ২১:৩১
বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ৯ জন খুন হয়েছেন। খবর ইত্তেফাক জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের।
সুনামগঞ্জ
সুনামগঞ্জের জামালগঞ্জে গত মঙ্গলবার মসজিদে সংস্কার কাজ নিয়ে বিরোধে ইসমাইল (২৫) নামে এক ব্যক্তি নিহত ও ১২ জন আহত হয়েছেন। ঘটনার দিন সকালে হুসেনপুর গ্রামের মসজিদ সংস্কারের ৫ হাজার টাকার কাজ করা নিয়ে হোসেনপুর গ্রামের তাজউদ্দিন ও জিয়াউল ইসলামের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়পক্ষের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
বগুড়া
বগুড়া শহরের রহমান নগর এলাকায় গত মঙ্গলবার রাতে প্রেমিকার বাড়িতে রনি (২৩) নামে প্রেমিকের রহস্যজনক মৃত্যু হয়। নিহত রনির মা ও বাবা জানান, রনির প্রেমিক ফেন্সি রাতে আমার ছেলেকে খবর দিয়ে নিয়ে হত্যা করে ঝুলিয়ে রাখে।
দীঘিনালা (খাগড়াছড়ি)
খাগড়াছড়ির দীঘিনালায় মেরুং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছোটহাজাছড়া প্রশিক্ষণ টিলা এলাকায় গত মঙ্গলবার সকালে জমির ভাগ-বাটোয়ারার জেরে মো. শাহাজাহান (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে স্ত্রী ও তার সহযোগীরা। এ ঘটনায় নিহতের ২য় স্ত্রী লিলি বেগম, মো. সুমন ও মো. শহিদুল ইসলামকে পুলিশ গ্রেফতার করে।
গৌরনদী (বরিশাল)
পৌর এলাকার উত্তর পালদী এলাকায় গত মঙ্গলবার তোফাজ্জেল হোসেন তোতা শাহ (৪০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার টরকী বন্দরে বাজার করতে গিয়ে নিখোঁজ হন তিনি। লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
সোনারগাঁও (নারায়ণগঞ্জ)
সোনারগাঁও উপজেলার হাড়িয়া চৌধুরীপাড়ায় গত মঙ্গলবার একটি ডোবা থেকে আল সাদিক মবিন (১৭) নামে একব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশের ধারণা দুষ্কৃতকারীরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করে।
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া এলাকায় গত মঙ্গলবার রাতে রাসেল মিয়া (৩৫) নামে এক কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় আরও দু’জন আহত হন। জানা যায়, কাপড় ব্যবসায়ী রাসেল মিয়া বাসায় ফেরার পথে ৪/৫ জন সন্ত্রাসী তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর আহত করেন। পরে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
শিবচর (মাদারীপুর)
শিবচর উপজেলার বাঁচামারা গ্রামে গত মঙ্গলবার রাতে সুজন মোল্লা (১৮) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। নিহতের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে শিবচর থানায় একটি মামলা হয়েছে।
ডামুড্যা (শরীয়তপুর)
উপজেলা চর মালগাঁও ধানকাটি ইউনিয়নে গত মঙ্গলবার রাতে মো. বাহার আলী সিকদার (৯০) নামে এক ব্যক্তিকে ঘুমান্ত অবস্থায় গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। হাত-পা ছোঁড়াছুঁড়ির শব্দ শুনে নিহতের বড় ছেলে নুরুল হক সিকদার, গিয়াস উদ্দিন মোল্লা, আতাউর রহমান সিকদার ঘরে এসে দেখেন খাটের উপর গলা কাটা লাশ পড়ে আছে।
পূর্বধলা ও ধোবাউড়া
নেত্রকোনার পূর্বধলা ও ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমানা থেকে গত বুধবার দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন, ধোবাউড়া উপজেলার টাঙ্গাটী গ্রামের আবদুল কাদিরের ছেলে রফিকুল ইসলাম (২৪) ও আবদুল মালেকের ছেলে সুমন মিয়া (২২)। জানা যায়, গত মঙ্গলবার রাতে কে বা কারা ওই দুই যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কংস নদের পাড়ে কুপিয়ে হত্যা করে। ধোবাউড়া থানার ওসি এম এ হক ও পূর্বধলা থানার ওসি বশীর আহমেদ জানান, হত্যাকা্লের প্রকৃত কারণ জানা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।