হরিরামপুর উপজেলা চেয়ারম্যান বরখাস্ত
শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৩, ২১:৩১
সরকারি টাকায় অবৈধভাবে স্পিডবোট কেনার অভিযোগে হরিরামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানকে বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক আদেশে এ কথা বলা হয়। হরিরামপুর উপজেলা চেয়ারম্যান সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পূর্বানুমতি ছাড়া সরকারি ৬ লাখ ৯৯ হাজার ২২৪ টাকায় অবৈধভাবে একটি স্পিডবোট ক্রয় করেন।
স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব সবুর হোসেন স্বাক্ষরিত এক আদেশে উক্ত চেয়ারম্যানকে বরখাস্ত করা হয়। মানিকগঞ্জ স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক মজিবর রহমান জানান, সরকারি টাকায় অবৈধভাবে স্পিডবোট কেনার অভিযোগে হরিরামপুর উপজেলা চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানকে বরখাস্ত করার নির্দেশ সংক্রান্ত ফ্যাক্স বার্তা জেলা প্রশাসক অফিসে পৌঁছেছে।