টানা-পোড়েনে লোহাগাড়ার জামায়াত-বিএনপি

চট্টগ্রাম লোহাগাড়ায় ১৮ দলীয় জোটের অন্যতম দুই প্রধান শরীকদল জামায়াত-বিএনপি’তে চলছে টানা-পোড়েন ১৯৯৬ সালে সংসদ নির্বাচনকে কেন্দ্র করে জামায়াত-বিএনপিতে শুরু হয় টানা-পোড়েনের রাজনীতি। দক্ষিণ চট্টগ্রামের অন্যান্য উপজেলায় বিগত সংসদ নির্বাচনে এ দু’দলের মধ্যে জোটগত নির্বাচন অনুষ্ঠিত হলেও সাতকানিয়া-লোহাগাড়া ছিল ব্যতিক্রম। ১৯৯৬ ও ২০০১ সালে জামায়াত-বিএনপি এ আসনে আলাদা প্রার্থী দেয়। ১৯৯১ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত চারবার জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত প্রার্থী তিনবার ও বিএনপি প্রার্থী একবার জয়লাভ করে। ২০০৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকে লোহাগাড়ায় স্থানীয় জামায়াত-বিএনপিতে বিরোধ বেড়ে যায়। নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপি’র সভাপতি আসহাব উদ্দীন চৌধুরী ও ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস.এম. ছলিম খোকন চৌধুরী পরাজিত হন। বিএনপি’র প্রার্থী পরাজয়ের জন্য জামায়াতকে দায়ী করেছেন বিএনপি। তবে জামায়াত নেতৃবৃন্দ বলেছেন, উপজেলা নির্বাচন কোন দলীয় নির্বাচন নয়। তারপরও এ নির্বাচনে জামায়াত-শিবির বিএনপির উপজেলা চেয়ারম্যান প্রার্থীর পক্ষে আন্তরিকতার কাজ করেছেন। এ অবস্থায় স্থানীয় বিএনপি আগামী সংসদ নির্বাচনে তাদের দল থেকে প্রার্থী চায়। অন্যদিকে, জামায়াত নেতৃবৃন্দ মনে করেন, এ আসনে তাদের প্রার্থী ছাড়া অন্য কোন দলের প্রার্থী জয়লাভ হতে পারবে না।