শিল্পী আমিনুল ইসলাম স্মরণে দশ তরুণের চিত্র প্রদর্শনী আজ শুরু

শিল্পী আমিনুল ইসলামের ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার ২০১৩’ প্রদান অনুষ্ঠান এবং ১০ তরুণ শিল্পীর চিত্র প্রদর্শনীর উদ্বোধন হচ্ছে আজ বৃহস্পতিবার। এ বছর শিল্পীর ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রথমবারের মতো ‘আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার’ প্রদান করা হচ্ছে। যে দশ জন শিল্পী চূড়ান্ত প্রতিযোগিতা ও প্রদর্শনীর জন্য নির্বাচিত হয়েছেন তারা হলেন, আবদুল্লাহ আল বশির, আনিসুজ্জামান সোহেল, আশরাফুল হাসান, বিশ্বজিত্ গোস্বামী, ফারজানা আহমেদ উর্মী, গোপাল চন্দ্র সাহা, হাবীবা আখতার পাপিয়া, মো. আলমগীর হাসান, রুহুল করিম রুমী এবং সহিদ কাজী। আজ সন্ধ্যায় ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে আয়োজিত এ অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্পী মুর্তজা বশীর বারো দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন এবং বিজয়ী দু’জন শিল্পীকে পুরস্কার প্রদান করবেন। বিশেষ অতিথি থাকবেন শিল্পী সৈয়দ জাহাঙ্গীর, রফিকুন নবী এবং রুবী ইসলাম। সভাপতিত্ব করবেন বেঙ্গল ফাউন্ডেশনের চেয়ারম্যান আবুল খায়ের। প্রদর্শনীতে ১০ জন শিল্পীর মোট শিল্পকর্মের সংখ্যা ৩২টি। প্রদর্শনী আগামী ১৮ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে। শিল্পী আমিনুল ইসলাম ছিলেন আধুনিক চিত্রকলা আন্দোলনের অন্যতম পথিকৃত্। এই অঞ্চলের প্রথম প্রজন্মের এই শিল্পীর নিরবচ্ছিন্ন শিল্পচর্চা, সামাজিক অঙ্গীকার ও আধুনিকতাবোধ আমাদের শিল্পভুবনকে সমৃদ্ধ করেছে। শিল্পী আমিনুল ইসলামের স্মৃতি রক্ষার্থে তাঁর পরিবারের পক্ষ থেকে আমিনুল ইসলাম তরুণ শিল্পী পুরস্কার প্রবর্তন করা হয়েছে। দ্বিবার্ষিক ভিত্তিতে চারুকলার ক্ষেত্রে অবদানের জন্য দু’জন করে তরুণ শিল্পীকে সমমানের এ পুরস্কার প্রদান করা হবে। তরুণ শিল্পীদের মধ্যে প্রতিযোগিতা আহ্বান ও প্রদর্শনী আয়োজনের মাধ্যমে পুরস্কারের জন্য শিল্পী মনোনয়ন করা হয়েছে। এ পুরস্কার প্রদান ও প্রদর্শনী আয়োজনের সার্বিক ব্যবস্থা ও পরিচালনার দায়িত্বে রয়েছে বেঙ্গল ফাউন্ডেশন।