একনেকে ১৫ প্রকল্প অনুমোদন

গ্রামীণ অবকাঠামো নির্মাণের মাধ্যমে রংপুর বিভাগের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে একটি প্রকল্প অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি। শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় মঙ্গলবার প্রকল্পটি অনুমোদন করা হয়। প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা সভায় সভাপতিত্ব করেন। সভা শেষে পরিকল্পনা বিভাগের সচিব ভূইয়া শফিকুল ইসলাম অনুমোদিত প্রকল্পসমূহের বিভিন্ন দিক নিয়ে সাংবাদিকদের জানান, সভায় গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ প্রতিষ্ঠার জন্য তিস্তা নদীর উপর ১৪৯০ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণের লক্ষ্যে অপর একটি প্রকল্প অনুমোদন করা হয়। সেতুটি নির্মিত হলে কুড়িগ্রাম জেলার চিলমারী, উলিপুর, রাজারহাট ও সদর উপজেলার প্রায় ১০ লাখ লোক বিভাগীয় শহর রংপুর না ঘুরে অর্থাত্ প্রায় ৮০ কি.মি. পথ না ঘুরে সরাসরি ঢাকায় যাতায়াত করতে পারবে। অনুমোদিত অন্যান্য প্রকল্পের মধ্যে টেকনিক্যাল ও পলিটেকনিক ইনস্টিটিউটসমূহের শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে ৮৫০ কোটি টাকার ‘স্কিল্স এন্ড ট্রেনিং এনহ্যান্সমেন্ট’ প্রকল্প এবং দেশের বিদ্যমান দশ হাজার ৬২৪টি কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম জোরদারকরণ এবং আরও ৩১৩৮টি নতুন কমিউনিটি ক্লিনিক স্থাপনের লক্ষ্যে রিভাইটালাইজেশন অব কমিউনিটি হেলথ্ কেয়ার ইনিসিয়েটিভ ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্প দুটির সংশোধনী অনুমোদন করা হয়। সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো, ৬২ কোটি টাকা ব্যয়ে গৌরনদী টেক্সটাইল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প, ৯৮ কোটি টাকা ব্যয়ে গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্প, ৫৭ কোটি টাকা ব্যয়ে ঢাকার এটমিক এনার্জি সেন্টারে ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিক্যাল ফিজিক্স স্থাপন প্রকল্প, ৫৩ কোটি টাকা ব্যয়ে জেলা ভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প, ৫৯ কোটি টাকা ব্যয়ে চন্দনা-বারাসিয়া নদী খনন প্রকল্প, ৮৪ কোটি টাকা ব্যয়ে মিলিটারী ফার্ম আধুনিকায়ন প্রকল্প, বাংলাদেশ মেরিন ফিশারিজ ক্যাপাসিটি বিল্ডিং (২য় সংশোধিত) প্রকল্প, ৮৬ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশের পল্লী অঞ্চলে লঞ্চঘাট এবং ওয়েবসাইড ঘাট উন্নয়ন প্রকল্প, ১৭২ কোটি টাকা ব্যয়ে ঢাকা ট্রাঙ্ক রোড থেকে বায়েজিদ বোস্তামি রোড-এর লিংক রোডসহ লুপ রোড নির্মাণ প্রকল্প প্রকল্প, ৮৮ কোটি টাকা ব্যয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) জন্য ২০ তলা ভিতের উপর দশতলা ভবন নির্মাণ প্রকল্প রয়েছে। এছাড়া ৫৪ কোটি টাকা ব্যয়ে হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ও হাইড্রেন্ট ব্যবস্থাপনার উন্নয়নে একটি সংশোধিত প্রকল্প রয়েছে।