স্পিকারের সঙ্গে মার্কিন কংগ্রেস সদস্য শ্যাবটের সাক্ষাত্

বাংলাদেশে সফররত মার্কিন কংগ্রেস সদস্য স্টিভ শ্যাবট বুধবার জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে তার কার্যালয়ে সাক্ষাত্ করেন। সাক্ষাত্কালে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করেন। তারা দু’দেশের সংসদ, সংসদীয় কার্যক্রম, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং স্থায়ী কমিটির কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। স্পিকার কমিটি কার্যক্রম বিশেষ করে সংসদের ওভারসাইট কার্যক্রম শক্তিশালীকরণে মার্কিন সহযোগিতার প্রশংসা করেন। সহস্রাব্দের লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সাফল্য উল্লেখ করে তিনি বলেন, নারী ক্ষমতায়ন, মাতৃ ও শিশুমৃত্যু হার হ্রাস এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনি কার্যক্রমেও বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কমিউনিটি ক্লিনিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পরে কংগ্রেস সদস্য স্টিভ শ্যাবট সংসদ ভবনের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। -তথ্য বিবরণী