হারিয়ে যাচ্ছে সিলেট নগরীর খেলার মাঠ

যত্রতত্র স্থাপনা নির্মাণ, হকারদের আধিপত্য, অপরিকল্পিত নগরায়ণ আর ভূমিদস্যুদের কবলে পড়ে সিলেট নগরী থেকে হারিয়ে যেতে বসেছে খেলার মাঠ। ফলে নিয়মিত ক্রীড়াচর্চা থেকে বঞ্চিত নগরীর শিশু-কিশোর, তরুণ-তরুণীরা। বাধাগ্রস্ত হচ্ছে তাদের শারীরিক ও মানসিক বিকাশ। গত কয়েক বছরে সিলেট নগরী থেকে হারিয়ে গেছে ছোট-বড় অনেক মাঠ। নগরীর অন্যতম বৃহত্তম মাঠ ছিল মেডিক্যাল মাঠ। মেডিক্যাল কর্তৃপক্ষ খেলার মাঠের জায়গায় গড়ে তুলেছেন নার্সিং হোম আর ইন্টার্নি আবাসন। স্টেডিয়ামের পর হকি খেলার জন্য সবচেয়ে উপযুক্ত মাঠ ছিল সিলেট পুলিশ লাইন মাঠ। এই মাঠ থেকে উঠে এসেছেন সিলেটের নামিদামি অনেক হকি তারকা। কিন্তু বর্তমানে এই মাঠটিতে পুলিশ ছাড়া কারোরই প্রবেশাধিকার নেই। এছাড়া ভূমিদস্যুদের কবলে পড়ে নগরী থেকে হারিয়ে গেছে ছোট-বড় আরো অনেক মাঠ। এর মধ্যে লালদীঘির পাড় গাছতলা মাঠ, বর্ণমালা স্কুল মাঠ, লালমাটিয়া মাঠ, রেজিস্টারি মাঠ, মজুমদারী মাঠ, বাগবাড়ী এতিম স্কুল মাঠ উল্লেখযোগ্য। নগরীর প্রাণকেন্দ্রে অবস্থিত রেজিস্টারি মাঠ হকারদের দখলে চলে গেছে। বর্তমানে হকাররা দোকান নির্মাণ করে মাঠটি দখলে নিয়েছে। যে মাঠগুলো এখনো টিকে আছে সেগুলোও রয়েছে হুমকির মুখে। শাহী ঈদগাহ খেলার মাঠ নিয়ে যে অনেক নাটক মঞ্চস্থ হয়েছে তা কারোরই অজানা নয়। তবে মাঠটিকে পার্কিং এরিয়া বানানোর পাঁয়তারা চালিয়েছিল একটি কলেজ। পরে সিলেটের ক্রীড়াপ্রেমীদের ঐক্যবদ্ধ আন্দোলনের ফলে রক্ষা পায় মাঠটি। এছাড়া নগরীর কালাপাথর মাঠটিও নানাভাবে অবহেলার শিকার। এদিকে জেলা স্টেডিয়ামের পাশে অবস্থিত সিলেট আলিয়া মাদ্রাসার খেলার মাঠটি বর্তমানে বিভিন্ন সভা-সমাবেশ ও মেলা পরিচালনার কেন্দ্র হিসাবে পরিচিতি লাভ করেছে। ফলে মাঠটি হয়ে পড়ছে ক্ষতবিক্ষত ও খেলাধুলার অনুপযুক্ত। সিলেটের অন্যতম একটি মাঠ হচ্ছে সিলেট এমসি কলেজ মাঠ। এই মাঠটিও এখন নানা সমস্যায় জর্জরিত। এমসি কলেজ মাঠে বাণিজ্যমেলা অনুষ্ঠিত হওয়ার ফলে মাঠটি শ্রী হারিয়েছে অনেকটাই। এছাড়া মাঠটির ড্রেনেজ ব্যবস্থা নাজুক—একটু বৃষ্টি হলে পানি জমে খেলার অনুপযুক্ত হয়ে পড়ে। চারদিকে সীমান্ত দেয়াল নির্মাণ করে মাঠটিকে সংরক্ষণ না করা হলে ভবিষ্যতে এটি তার অস্তিত্ব হারাতে পারে বলে আশঙ্কা আমাদের। তাই ভূমিদস্যুদের হাত থেকে খেলার মাঠ রক্ষা ও দখল হয়ে যাওয়া মাঠগুলোকে দখলমুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগ জরুরি। মবরুর আহমদ সাজু, এমসি কলেজ, সিলেট