জকোর কাছে আবারো হার ফেদেরার

নোভাক জকোভিচ তিনদিনের ব্যবধানে আবারো রজার ফেদেরারকে হারিয়ে এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসের শিরোপা রক্ষায় এগিয়ে চললেন। এ নিয়ে টানা ১৮ ম্যাচ অপরাজিত আছেন তিনি। সদ্য প্যারিস মাস্টার্স জয়ী জকোভিচ লন্ডনের ওটু অ্যারিনায় ৬-৪, ৬-৭ (২-৭), ৬-২ গেমে পরাস্ত করেন সুইস তারকাটিকে। গত শনিবারও প্যারিসে ফেদেরারের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন সার্বিয়ান জকোভিচ। এ জয়ের মধ্য দিয়ে বিশ্বের এক নম্বর হয়ে বছর শেষ করার ক্ষীণ আশাটিও জিইয়ে থাকলো। তবে গত রাতে স্ট্যানিসলাস ওয়ারিনকার বিরুদ্ধে নাদাল জয়ী হলে সে ক্ষীণ সম্ভাবনা থাকবে না। কেননা এই টুর্নামেন্টে নাদাল কেবল একটি জয় পেলেই বিশ্ব র্যাঙ্কিংয়ে তার শীর্ষ অবস্থানটি অব্যাহত রাখতে পারবেন। জকোভিচ প্যারিসে জয়ের পরই জানিয়েছিলেন তিনি ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল ও ডেভিস কাপ জয়ের পাশাপাশি বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে বছর শেষ করতে চান। ২৬ বছর বয়সী এই টেনিস খেলোয়াড় ফেদেরারকে হারানোর পর বলেন, ‘শারিরীক বিচারে এটা ছিল কঠিন এক চ্যালেঞ্জ। মাত্র ৪৮ ঘণ্টা আগে আমি প্যারিসে খেলছিলাম। কাজেই আবারো এভাবে ভাল খেলতে পারা এবং রজারকে হারানো অবিশ্বাস্য। আগে আমাকে এ জয়টা উপভোগ করতে হবে। এরপর আমি নিজেকে সারিয়ে তোলার কথাটা ভাববো। কেননা এটা বড় জয়। ভাল ব্যাপার হলো পরের দিনটা খেলা নেই। কাজেই আমি মানসিক ও শারিরীকভাবে নিজের দম ফিরে পাওয়ার চেষ্টা করবো। এরপর প্রস্তুত হবে দেল পোত্রোর জন্য।’ ফেদেরার ও জকোভিচ মিলে ২৩টি গ্র্যান্ড স্ল্যাম ও আটটি এটিপি ফাইনালের শিরোপার মালিক। কাজেই লন্ডনে টেনিসের শীর্ষ আট খেলোয়াড়ের বছর সমাপনী এই প্রতিযোগিতায় এটা ছিল রীতিমতো হেভিওয়েট ম্যাচ। তাই ১৭ হাজার আসনের ওটু অ্যারিনায় একটি আসনও খালি ছিল না। এমনকি চলতি বছরে ফেদেরার বিশ্ব র্যাঙ্কিংয়ে সাত নম্বরে নেমে আসার পরও ৩২ বছর বয়সী সুইসটি এখনো বড় আকর্ষণ। দুজনের এ খেলায় ২৬ বছর বয়সী জকোভিচকে অবশ্য কষ্ট করেই জিততে হয়েছে। নইলে প্রথম সেটে ফেদেরার এক পর্যায়ে ৪-৪ গেমে দাঁড়িয়েছিলেন। এরপর দ্বিতীয় সেটটিকেও টাইব্রেকে নিয়ে গিয়েছিলেন তিনি। পরে শিরোপাধারী জকোভিচের সামনে দৃশ্যত আর দাঁড়াতেই পারেননি রজার। মূলত গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় ধারাবাহিকতা দেখাতে না পারার মাশুল দেন ফেদেরার। নিজের হার প্রসঙ্গে ফেদেরার বলেন, ‘এখানকার সারফেস স্লথ এবং এটাই হলো প্রথম ম্যাচ। কাজেই ভুল হওয়ারই কথা। নোভাককে ছাড়িয়ে যেতে হলে সুযোগগুলো কাজে লাগাতে হবে। আমি মনে করি নোভাকও অনেক সময় ধরে হিমশিম খেয়েছে। আমারও তাই। আমি নিশ্চিত নই আমরা উভয়েই তৃতীয় সেটে নিজেদের সেরাটা খেলেছি কিনা। ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে ‘বি’ গ্রুপে জকোভিচের সাথে আছেন ফেদেরার ছাড়াও আর্জেন্টিনার হুয়ান ডেল পোর্তো, ফরাসি রিচার্ড গ্যাসকোয়েট। অপরদিকে ‘এ’ গ্রুপে খেলছেন রাফায়েল নাদাল, স্ট্যানিসলাস ওয়ারিনকা, টমাস বার্ডিচ, ডেভিড ফেরার।