বাড্ডায় খাল থেকে উদ্ধার করা যুবকের পরিচয় দুই মাসেও পাওয়া যায়নি

রাজধানীর বাড্ডায় রশিদখালী খাল থেকে গত ১১ সেপ্টেম্বর উদ্ধার করা যুবকের পরিচয় ২ মাসেও পাওয়া যায়নি। এদিকে ময়না তদন্তে নিশ্চিত হওয়া গেছে, এ অজ্ঞাত যুবককে হত্যা করে হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা বাড্ডা থানার সাব-ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ব্যাপক অনুসন্ধান চলছে। কিন্তু কেউ কোন তথ্য দিতে পারেনি। থানায় কেউ খুঁজতেও আসেনি। তার আনুমানিক বয়স ৩০। পরনে ছিল চেক লুঙ্গি। পুলিশ প্রথমে ধারণা করেছিল, কোন কারণে খালের পানিতে ডুবে তিনি মারা গেছেন। কিন্তু ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পরই নিশ্চিত হয়, অজ্ঞাত ব্যক্তিকে মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এরপর মৃতদেহ ফেলে দেয়া হয় খালের পানিতে। মামলার তদন্তকারী কর্মকর্তা আরো বলেন, ময়না তদন্তের রিপোর্ট থানায় পৌঁছার পর গত ২৫ সেপ্টেম্বর বাড্ডা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।