পানগাঁও কন্টেইনার টার্মিনাল চালু হচ্ছে আজ

দীর্ঘ প্রতিক্ষার পর পানগাঁও অভ্যন্তরীণ কন্টেইনার টার্মিনাল আজ বৃহস্পতিবার চালু হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা দুইটায় এই কন্টেইনার টার্মিনালের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। উদ্বোধনের পর তিনি সেখানে এক সুধী সমাবেশে বক্তব্য রাখবেন। পরে কেরানিগঞ্জে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। চট্টগ্রাম ও মংলা বন্দর থেকে আমদানিকৃত পণ্যবাহী কন্টেইনার নৌপথে ঢাকায় পৌঁছানোর উদ্দেশ্যে বুড়িগঙ্গা নদীর তীরে কেরানীগঞ্জের পানগাঁওয়ে ৩২ একর জমির ওপর নির্মাণ করা হয়েছে নদীভিত্তিক এই কন্টেইনার টার্মিনাল। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ নৌ-পরিবহন কর্তৃপক্ষ যৌথভাবে এটি নির্মাণ করেছে। প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হয়েছে প্রায় চারশ’ কোটি টাকা। এই টার্মিনালে ১৮০ মিটার দীর্ঘ জেটি রয়েছে, যেখানে একই সঙ্গে দুইটি কন্টেইনারবাহী জাহাজ বার্থিং করতে পারবে। এছাড়া ৫৪ হাজার বর্গমিটারের কন্টেইনার ইয়ার্ড, বুড়িগঙ্গা সেতু থেকে কন্টেইনার টার্মিনাল পর্যন্ত ২৮ মিটার প্রস্থের সাড়ে চার কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। এই টার্মিনাল বছরে এক লাখ ১৬ হাজার কন্টেইনার হ্যান্ডেলিংয়ে সক্ষম। ২০০৫ সালে এই টার্মিনাল নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। কিন্তু সেই পরিকল্পনা দীর্ঘদিন ছিল ফাইনবন্দি। বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা অগ্রাধিকার ভিত্তিতে এই প্রকল্পটি বাস্তবায়নের নির্দেশ দেন। গত জুন মাসে টার্মিনালটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। কন্টেইনার পরিবহনের জন্য চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিজস্ব অর্থায়নে ইতিমধ্যে নদী পথে চলাচলের উপযোগী বিশেষ ধরনের তিনটি কন্টেইনার জাহাজ সংগ্রহ করেছে। এর প্রত্যেকটি ১২০টি কন্টেইনার বহন করতে সক্ষম।