২০ বছর পর নিউইয়র্কে ডেমোক্র্যাট মেয়র বিল ডি ব্লাজিও
শহীদুল ইসলাম, যুক্তরাষ্ট্র থেকে
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৩, ২২:৪৩
বিশ্বের রাজধানীখ্যাত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির নতুন মেয়র নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী বিল ডি ব্লাজিও। স্থানীয় সময় মঙ্গলবার অনুষ্ঠিত এই নির্বাচনে ব্লাজিওর প্রতিদ্বন্দ্বী ছিলেন রিপাবলিকান প্রার্থী জোসেফ জে লোটা। চূড়ান্ত ফল প্রকাশের আগেই নিজের পরাজয় মেনে নিয়ে ব্লাজিওকে অভিনন্দন জানিয়েছেন তিনি।
৫২ বছর বয়সী ব্লাজিও হবেন নিউইয়র্কের ১০৯তম মেয়র। তিনি বিশ্বের ১৩তম শীর্ষ ধনী মাইকেল ব্লুমবার্গের স্থলাভিষিক্ত হচ্ছেন। ব্লুমবার্গ তিন দফায় একটানা ১২ বছর ধরে মেয়রের দায়িত্ব পালন করছেন। তার সঙ্গেই সিটির দ্বিতীয় সর্বোচ্চ পদ পাবলিক অ্যাডভোকেট ছিলেন ব্লাজিও। তার এই জয়ের মাধ্যমে প্রায় ২০ বছর মেয়র পদটি ফিরে পেল ডেমোক্র্যাটরা। মাইকেল ব্লুমবার্গ প্রথম দফায় রিপাবলিকান থেকে মেয়র হলেও দ্বিতীয় দফায় তিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন। দুইবারের বেশি নিয়ম না থাকলেও ব্লুমবার্গ তৃতীয়বার নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচিত হয়ে নজির স্থাপন করেন। এর আগে গত ১০ সেপ্টেম্বর প্রাইমারিতে জয়ী ডেমোক্র্যাট থেকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পান বিল ডি ব্লাজিও। প্রবাসী অধ্যুষিত নিউইয়র্কের এশিয়ান-আমেরিকানরা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোট দিয়েছেন। নির্বাচনী ডামাঢোল শুরু হবার পর থেকেই প্রবাসী বাংলাদেশি আমেরিকানদের একটি বড় অংশ বিল ডি ব্ল্যাজিওকে সমর্থন জানিয়ে আসছিলেন। সামপ্রতিক সময়ে নিউইয়র্কের অভিবাসী সমাজের জন্য পাহাড়সম এক সমস্যার নাম ‘স্টপ এন্ড ফ্রিস্ক’ পলিসি। পুলিশ সন্দেহ হলে যে কাউকেই তল্লাশি করতে পারে, যা অভিবাসীরা মেনে নিতে পারছিলেন না। আর এজন্য অভিবাসীদের পক্ষেই অবস্থান নিয়েছিলেন ব্লাজিও। যে কারণে অভিবাসী সমাজের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন ব্লাজিও। ব্লাজিও নিউইয়র্ক এবং কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। তিনি দুই সন্তানের জনক। স্ত্রী চির্লান ম্যাকক্রে একজন কবি ও অ্যাক্টিভিস্ট।