গ্রামীণ ব্যাংকের ধ্বংস অবধারিত :ড. ইউনূস
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৩, ২২:৪৬
গ্রামীণ ব্যাংক আইন পরিবর্তনের তীব্র নিন্দা জানিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। গতকাল বুধবার ইউনূস সেন্টার থেকে পাঠানো এক প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, সরকার গ্রামীণ ব্যাংক আইনে পরিবর্তন আনায় আমি আমার তীব্রতম ভাষায় নিন্দা জানাচ্ছি। আমি অত্যন্ত দুঃখিত যে, কিছু অপরিণামদর্শী মানুষের বিবেচনাহীনতার কারণে জাতির একটা পরম গৌরবের প্রতিষ্ঠানকে এই পরিণতির দিকে ঠেলে দেয়ার মর্মান্তিক ঘটনাটি জনগণকে প্রত্যক্ষ করতে হলো।
তিনি আরো বলেন, গ্রামীণ ব্যাংক সৃষ্টি করা হয়েছিল গরীব মহিলাদের মালিকানায় এবং তাদের ব্যবস্থাপনায় একটা স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে। এই আইনে গ্রামীণ ব্যাংকে সরকারের হস্তক্ষেপের কোন সুযোগ রাখা হয়নি। এই কারণেই গ্রামীণ ব্যাংক জাতিকে আন্তর্জাতিক সম্মানের সুউচ্চ শিখরে নিয়ে যেতে পেরেছিল। এখন এই আইন পরিবর্তন করে তাতে এমন সব সুযোগ সৃষ্টি করা হয়েছে, যাতে সরকার এই ব্যাংককে একশ ভাগ নিজস্ব নিয়ন্ত্রণে নিয়ে নিতে পারে। আইনের এই সংশোধনের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের চরিত্রে একটা মৌলিক পরিবর্তন নিয়ে আসা হলো। এর মাধ্যমে গ্রামীণ ব্যাংকের ধ্বংস অবধারিত হলো।
প্রতিক্রিয়ায় তিনি উল্লেখ করেছেন, জাতি হিসেবে এখন আমাদের দৃঢ় সংকল্প নিতে হবে যাতে গ্রামীণ ব্যাংকের কোন অনিষ্ট হবার আগেই দ্রুততম সময়ে আমরা এই আইনের পরিবর্তনগুলি বর্জন করে ফেলতে পারি। দেশের সকল মানুষ, গ্রামীণ ব্যাংকের সকল ঋণ গ্রহীতা-মালিক, তাদের পরিবারের সদস্যবর্গ, ব্যাংকের সকল কর্মচারী-কর্মকর্তা এলক্ষ্যে একযোগে এগিয়ে আসবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, বহুল আলোচিত গ্রামীণ ব্যাংক বিল-২০১৩ গত মঙ্গলবার রাতে জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়েছে। বিলে গ্রামীণ ব্যাংককে বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণে রাখার কথা বলা হয়েছে। এছাড়া ব্যাংক কোম্পানি সংক্রান্ত বলবত্ অন্য যে কোন আইনের বিধানসমূহও এখন থেকে গ্রামীণ ব্যাংকের ক্ষেত্রে প্রযোজ্য হবে। গ্রামীণ ব্যাংক সংশ্লিষ্টদের মতে, এর মাধ্যমে সরকার ব্যাংকটির পূর্ণাঙ্গ কর্তৃত্ব গ্রহণ করতে চায়।
কালো ব্যাজ ধারণ:
গ্রামীণ ব্যাংক কর্মচারী সমিতির সভাপতি মো. সামছুল আলম গতকাল জানিয়েছেন, গ্রামীণ ব্যাংক আইন-২০১৩ পাসের প্রতিবাদে গ্রামীণ ব্যাংকের সকল কর্মকর্তা-কর্মচারী আজ বৃহস্পতিবার কালো ব্যাজ ধারণ করবেন। এরই অংশ হিসেবে ঢাকার মিরপুরে গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয়ে ঢাকায় কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী কালো ব্যাজ পরিহিত অবস্থায় বেলা সাড়ে ১২টা থেকে প্রধান কার্যালয়ে অবস্থান করবেন।