প্রতিদিনের ইফতারে একই রকম খাবার খেতে ভালো লাগে না। তাই মুখের স্বাদ বদলাতে আপনি ইফতারের আইটেমে পরিবর্তন আনতে পারেন। ইফতারে ভিন্ন স্বাদের কয়েকটি রেসিপি দিয়েছেন জেসমিন আকতার জেসি
নুডলস বল
উপকরণ :ম্যাগি নুডলস ২ প্যাকেট, ডিম ১টি, পেঁয়াজ কুচি ২টি, কর্ন ফ্লাওয়ার পরিমাণ মতো, ম্যাগি মসলা, আলু বা গাজর কুচি অল্প করে, লবণ পরিমাণমতো, তেল ভাজার জন্য।
প্রস্তুত প্রণালি :নুডলস হালকা সিদ্ধ করে এর সঙ্গে সব উপকরণ মেখে নিতে হবে। মিশ্রণটি আঠালো করতে প্রয়োজনীয় কর্ন ফ্লাওয়ার দিয়ে দিন। এবার বলের আকারে করে তেলে ভাজতে হবে। বাদামি রং হলে তুলে কিচেন টিস্যুতে মুড়ে রাখুন। বাড়তি তেল টিস্যু চুষে নেবে। ব্যস, হয়ে গেল নুডলস বল। এবার পছন্দের টমেট সস দিয়ে খেতে পারেন মুচমুচে নুডলস বল।
মুগ ডাল টিক্কি
উপকরণ :মুগ ডাল আধা কাপ, দই ২ টেবিল চামচ, পেঁয়াজ মিহি কুচি ৩ টেবিল চামচ, কাঁচামরিচ কুচি আধা চা চামচ, চাট মসলা ২ চা চামচ, মরিচ গুঁড়া ২ চা চামচ, গরম মসলা গুঁড়া সিকি চা চামচ, হলুদ গুঁড়া সিকি চা চামচ, আদা রসুন বাটা ১ চা চামচ, ধনেপাতা কুচি ২ টেবিল চামচ, লবণ স্বাদমতো, তেল ২ চা চামচ।
প্রস্তুত প্রণালি :মুগ ডাল ভালো করে ধুয়ে এক কাপ পানিতে সিদ্ধ করে নিন। এরপর ডালটুকু ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নিন। তবে বেশি মিহি করার দরকার নেই। একটা বোলে এই ডালের পেস্ট নিয়ে এর সঙ্গে বাকি সব উপকরণ মিশিয়ে দিন। মেশানো হয়ে গেলে এই মিশ্রণ থেকে ছোট ছোট টিক্কি তৈরি করে নিন। একটা নন-স্টিকি কড়াই গরম করে নিন। এতে আধা চা চামচ তেল দিন। তেল গরম হলে এতে ভেজে নিন টিক্কিগুলো। দুপাশে সোনালি করে ভেজে নিন। তেল শুকিয়ে গেলে অল্প করে তেল দিতে পারেন। ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু ও স্বাস্থ্যকর মুগ ডাল টিক্কি।
জাফরানি শরবত
উপকরণ :দুধ ১ কেজি, চিনি ১ কাপ, জাফরান ১ চা চামচ, পেস্তা কুচি ১ টেবিল চামচ, আমন্ড কুচি ১ টেবিল চামচ, গোলাপ পানি ১ চা চামচ, পেস্তা ও আমন্ড বাটা ১ টেবিল চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, এলাচ গুঁড়া আধা চা চামচ, বরফ কুচি সামান্য।
প্রস্তুত প্রণালি :প্রথমে দুধ, গোলাপ পানি, চিনি ও জাফরান একসঙ্গে চুলায় দিন। এবার ফুটে উঠলে চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে নিন। এখন বাকি সব উপকরণ মিশিয়ে বরফ কুচি দিয়ে টেবিলে সাজিয়ে পরিবেশন করুন।