পদত্যাগের দাবি নাকচ করলেন জাবি ভিসি, শিক্ষার্থীদের সমাবেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা
প্রকাশ : ০৬ নভেম্বর ২০১৩, ২২:৫৩
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আনোয়ার হোসেনের পদত্যাগ দাবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা সমাবেশ করেছেন। অন্যদিকে পদত্যাগের দাবি নাকচ করে দিয়েছেন ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন। ক্লাস-পরীক্ষা এবং সচল ক্যাম্পাসের দাবিতে সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার সাধারণ শিক্ষার্থীরা একই দাবিতে ১২ ঘন্টার অনশন কর্মসূচি পালন করবেন। বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপ কামনা করছেন শিক্ষার্থীরা।
গতকাল তৃতীয় দিনের মতো ভিসির বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষকরা। শিক্ষকদের সাথে আন্দোলনে ভিসির বাসভবনের সামনে যোগ দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। দুপুরে সেখানে তারা সমাবেশ করেন। পরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদার, সাধারণ সম্পাদক অধ্যাপক শরিফ উদ্দিন, শিক্ষক ফোরামের আহবায়ক অধ্যাপক হানিফ আলী, সচিব অধ্যাপক কামরুল আহসান, কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবুল, কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন। পরে বিকালে সাংবাদিক সম্মেলনে ‘শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কমিটি ঘোষণা করা হয়। ঐক্য ফোরামের প্রধান সমন্বয়ক করা হয়েছে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক অজিত কুমার মজুমদারকে। সমন্বয়ক ও সদস্য সচিব হয়েছেন অধ্যাপক হানিফ আলী ও কামরুল আহসান। আজ বেলা ১২টার দিকে ঐক্য ফোরামের উদ্যোগে ভিসির বাসভবনের সামনে সমাবেশ ও মানববন্ধনের ঘোষণা দিয়েছেন তারা। এছাড়াও অসহযোগ আন্দোলনের ঘোষণা দিয়েছে ঐক্য ফোরাম। যার মাধ্যমে ভিসির বাসভবনে নিয়োজিত কর্মচারীরা অনির্দিষ্টকাল পর্যন্ত কাজ থেকে বিরত থাকবেন বলে জানা গেছে। তবে পরিবহন ও পরীক্ষা নিয়ন্ত্রকের অফিস সকল কর্মসূচির বাইরে থাকবে।
দুপুরে ক্লাস-পরীক্ষা এবং সচল ক্যাম্পাসের দাবিতে সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। এতে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট -এর নেতৃবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে অধ্যাপক অজিত কুমার মজুমদার বলেন, অধ্যাপক আনোয়ার হোসেন পদত্যাগ না করা পর্যন্ত এ ধর্মঘট চলবে।
ভিসি অধ্যাপক আনোয়ার হোসেন জানান, বিশ্ববিদ্যালয়ের এ ক্রান্তিকালে তিনি চলে যেতে পারেন না।