সেরা ৬ নিয়ে বাংলাদেশি আইডল

টিভি দর্শকদের নাচে-গানে মাতোয়ারা করতে ‘বাংলাদেশি আইডল’ মঞ্চে আজ উঠছেন শীর্ষ ছয় প্রতিযোগী। কারণ গালা রাউন্ডের এই পর্বের বিষয় নাচের গান। দেশের জনপ্রিয় সব বাংলা গান যা নাচের গান হিসেবে পরিচিত সেই গানগুলোই গাইবেন ছয় প্রতিযোগী। আজ ‘বাংলাদেশি আইডল’ শীর্ষ ছয়ে পারফর্ম করবেন আঁচল, আরিফ, তালহা, তুরিন, মং ও মন্টি। তাদের এই পারফর্মেন্সের ভিত্তিতে দর্শক ভোটে একজন বাদ পড়বেন প্রতিযোগিতা থেকে। এই পর্বে ‘বাংলাদেশি আইডল’-এর চারজন বিচারক—ফেরদৌসী রহমান, এন্ড্রু কিশোর, আইয়ুব বাচ্চু এবং মেহরীনের সাথে অতিথি বিচারক হয়ে আসছেন চিত্রনায়ক ফেরদৌস ও ছোটপর্দার অভিনেত্রী সোহানা সাবা। এসএ টিভির পর্দায় আজ রাত ৮টায় ‘বাংলাদেশি আইডল’-এর এই বিশেষ পর্ব সম্প্রচারিত হবে।