ঝিনাইগাতী-শেরপুর সড়ক যান
চলাচল অযোগ্য : জনদুর্ভোগ
ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৩, ২০:৪২
শেরপুর-ঝিনাইগাতী সড়কটি সংস্কারের অভাবে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ফলে এ সড়ক পথে যাতায়াতকারী বিভিন্ন যানবাহন ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে এ সড়কের দু’পাশ সম্প্রসারণের কাজ হাতে নেয় সরকার। ঝিনাইগাতী উপজেলার কোয়ারী রোড থেকে উপজেলা সদর পর্যন্ত ৯ কিলোমিটার সড়কের সম্প্রসারণ কাজ করতে ঠিকাদারও নিয়োগ করা হয়। কিন্তু ঠিকাদার শুধু সড়ক খোঁড়াখুঁড়ি করে কাজ বন্ধ করে চলে যায়। এরপর আর নির্মাণ কাজ শুরু হয়নি। ওই ভাঙ্গা সড়ক পথে প্রতিদিন শত শত ট্রাক, বাস, সিএনজিসহ বিভিন্ন ভারী যানবাহন চলাচলের কারণে তা ভেঙ্গে খানা-খন্দকের সৃষ্টি হয়ে যান চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। অনেকেই জানান, এ সড়কটি সংস্কার না করায় বর্তমানে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী শোয়েব আহমেদ বলেন, পূর্বের কাজের মেয়াদ শেষ হওয়ায় নির্মাণ কাজ স্থগিত রয়েছে। সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট দপ্তরে প্রস্তাব প্রেরণ করা হয়েছে। ঠিকাদার নিয়োগের মাধ্যমে কাজ সম্পন্ন করা হবে।