গাইবান্ধা ও কচুয়ায়
দুইজন খুন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৩, ২০:৪৪
গাইবান্ধা ও কচুয়ায় পৃথক ঘটনায় দুইজন খুন হয়েছেন। খবর ইত্তেফাক জেলা প্রতিনিধি ও সংবাদদাতাদের।
গাইবান্ধা
গাইবান্ধার পলাশবাড়ি উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে আহত সাদা মিয়া (৩৫) গত বুধবার রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। সাদা মিয়া দক্ষিণপাড়া কদলতলী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই আব্দুল আজিজ জানান, সাদা মিয়ার সাথে তার চাচাতো ভাই মাজেদ ও মিজানুরের জমি নিয়ে বিরোধের জেরে গত সোমবার সংঘর্ষ হয়। এতে সাদা মিয়া গুরুতর আহত হন।
কচুয়া (চাঁদপুর)
কচুয়া পৌর এলাকার করইশ গ্রামের ধান ক্ষেত থেকে গত বুধবার রাতে রুমা আক্তার (১৮) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিহত রুমার স্বামী ফখরুল, সায়েম ও শরীফ নামে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ব্যাপারে কচুয়া থানায় একটি হত্যা মামলা হয়েছে।