সাপ্তাহিক ছুটির দিনে বন্দর
খোলা রাখতে চট্টগ্রাম
চেম্বারের আহ্বান
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৩, ২০:৪৯
টানা হরতালের কারণে অর্থনৈতিক ক্ষতি মোকাবেলায় সাপ্তাহিক ছুটির দিনে বন্দর, কাস্টমস ও শুল্ক স্টেশনগুলো খোলা রাখতে নৌ-পরিবহন মন্ত্রী ও এনবিআর চেয়ারম্যানের প্রতি আহ্বান জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। পৃথক চিঠির মাধ্যমে গত বুধবার চেম্বারের সভাপতি মাহবুবুল আলম এ আহ্বান জানান।
তিনি বলেন, চলতি সপ্তাহে ৬০ ঘন্টাসহ বেশ কিছুদিন ধরে সারাদেশে টানা হরতালে ব্যবসায়ীরা চরম দুর্দশার কবলে পড়ে বিপুল আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এছাড়া নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকটসহ মূল্যের ঊর্ধ্বগতির কারণে সর্বস্তরের জনগণও নানা দুর্দশার শিকার হচ্ছে। এ অবস্থা থেকে কিছুটা উত্তরণের জন্য সাপ্তাহিক ছুটিসহ বন্ধের দিনগুলোতে অর্থনৈতিক কর্মকাণ্ড চালু রাখা অতীব জরুরি বলে তিনি অভিমত ব্যক্ত করেন।