বরগুনায় তিন সন্তান ও স্ত্রী পাচারের অভিযোগে স্বামী আটক

বরগুনার সিআইডি পুলিশ তিন সন্তানসহ স্ত্রীকে পাচারের অভিযোগে রুহুল আমিন নামের এক নারী পাচারকারীকে আটক করেছে। শহরের সদরঘাট মসজিদ এলাকা থেকে গত মঙ্গলবার রাতে তাকে আটক করা হয়। গত বুধবার তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত রুহুল আমীন ২০০৭ সালে তার স্ত্রী নাসিমা ও তিন শিশু সন্তান শান্ত, নোমান এবং মিতুকে নিজেই পাচারকারীদের হাতে তুলে দেয়। এ ব্যাপারে নাসিমার ভাই মোস্তফা কামাল বাদি হয়ে তাকে আসামি করে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ মামলা দায়ের করেন। মামলার পর থেকে এ পর্যন্ত তিনি গা ঢাকা দিয়ে বাদিপক্ষকে নানাভাবে হয়রানি ও হুমকি দিয়ে আসছিলেন। সিআইডি পুলিশের পরিদর্শক জানান, রুহুল আমিন নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে পাথরঘাটা থানায় একাধিক নারী ও শিশু পাচারের মামলা রয়েছে।