আরও টি-টোয়েন্টি ম্যাচ খেলার তাগিদ

নিউজিল্যান্ডের কাছে লড়াকু হারের পর আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে আরও বেশি ম্যাচ খেলার তাগিদ দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। একই অভিমত বিসিবির পরিচালক ও গত দুই বছর নির্বাচক প্যানেলে কাজ করা আকরাম খান। তাদের মতে টি-টোয়েন্টিতে বাংলাদেশের ভাল না করার কারণ সেরা টিম কম্বিনেশন খুঁজে না পাওয়া। টি-টোয়েন্টি যদি কোন ধাঁধা হয়ে থাকে তবে বাংলাদেশ দল এখনো এর সুরাহা করতে পারেনি। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র আর ওয়ানডে তিনটিতে প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার পর এই টি-টোয়েন্টি ম্যাচের জালেই আটকা পড়তে হয় মুশফিক বাহিনীকে। যদিও প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন এই হারকে খুব বড় করে দেখতে নারাজ, ‘পুরো সিরিজ আমরা ভাল খেলেছি। ওদেরকে ওয়ানডেতে আমরা হোয়াইট ওয়াশ করেছি। দল হিসেবে আমরা অনেক উন্নতি করেছি। শুধু শেষ ম্যাচটা ভাল হয়নি। কিন্তু, মাত্র একটা ম্যাচ দিয়ে তো আর দলের অবস্থা বোঝা যায় না। তাই আমি হতাশার কোন কারণ দেখছি না।’ কিন্তু, সমস্যাটা শুধু এক ম্যাচের নয়। পরিসংখ্যান বলে এই বছর চারটি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিতেছে মাত্র একটিতে। সেই জয়ও এসেছে দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে। আর শেষ আট ম্যাচে এটাই বাংলাদেশের একমাত্র জয়। ওয়ানডেতে শ্রীলঙ্কা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের মতো দলকে হারালেও এই ২০১২ সালেই বাংলাদেশ টি-টোয়েন্টিতে হেরেছে নেদারল্যান্ড ও স্কটল্যান্ডের মতো দুর্বল দলের কাছে। এ প্রসঙ্গে হাবিবুল বাশার সেরা টিম কম্বিনেশন খুঁজে না পাওয়াকেই কারণ হিসেবে দেখছেন। তিনি বলেন, ‘এটা ঠিক যে টি-টোয়েন্টিতে আমরা নিয়মিত পারফরম করতে পারছি না। সমস্যা হল আমরা খুব বেশি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সুযোগ পাই না। তাই এর জন্য সেরা টিম কম্বিনেশনটা আমরা এখনও বুঝে উঠতে পারিনি। আমাদের আরও বেশি ম্যাচ খেলতে হবে।’ আকরাম খান এ প্রসঙ্গে আরও বেশি ম্যাচ খেলার তাগিদ দিয়ে বলেন, ‘আমরা টি-টোয়েন্টিতে যে খুব খারাপ খেলেছি, তা নয়। ২০৪ রান তাড়া করে ১৮৯ রান করা মুখের কথা নয়। আমাদের এই অবস্থা থেকে ম্যাচ খেলার কোন বিকল্প নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই আমাদের স্ট্যান্ডার্ড কিছু দলের সাথে টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে।’ দেশের মাটিতে ২০১৪ সালের মার্চে বিশ্বকাপের সুপার টেনে ওঠার জন্য বাছাইপর্বের বাধা পেরোতে হবে বাংলাদেশকে। এই টুর্নামেন্টের জন্য বাংলাদেশ কতোটা প্রস্তুত? হাবিবুল বাশার আশাবাদ জানিয়ে বললেন, ‘আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আরও দুটি সিরিজ আছে। এর মধ্যেই আমাদের টি-টোয়েন্টি জন্য সেরা টিম কম্বিনেশন খুঁজে বের করতে হবে। আমার মতে, এটা বড় কোন দুশ্চিন্তার কারণ। বাংলাদেশ এখন দল হিসেবে অন্য সব সময়ের চেয়ে অনেক বেশি ভাল। আশা করি টি-টোয়েন্টিতেও সেটা আমরা প্রমাণ করবো।’ জাতীয় দলের ক্রিকেটাররা আপাতত ঢাকা প্রিমিয়ার ডিভিশন নিয়ে ব্যস্ত থাকবেন । আগামী জানুয়ারিতে আসবে শ্রীলঙ্কা। আর ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে, ডিসেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে আসতে পারে জিম্বাবুয়ে। তাই শীঘ্রই শুরু হবে ক্রিকেটারদের ক্যাম্প। বোর্ড মিটিংয়ে এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে।