ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে চাই রাজনৈতিক সদিচ্ছা

ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসনে প্রয়োজন রাজনৈতিক অঙ্গীকার ও সদিচ্ছা। আমরা শিশুশ্রম নিরসনের কথা বলবো, আর রাজনৈতিক সহিংসতায় তাদের ব্যবহার করবো এটা হতে পারে না। বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের আইপিডি সম্মেলন কক্ষে ‘শিশুশ্রম নিরসনের লক্ষ্যে জাতীয় কর্মপরিকল্পনা :অগ্রাধিকার ও করণীয়’ শীর্ষক সেমিনারে আলোচকরা এসব কথা বলেন। সেমিনারের আয়োজক সোস্যাল এন্ড ইকোনোমিক ইনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (সিপ)। সিপ-এর সাধারণ সম্পাদক ফজলুল হক চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, মানুষের জন্য ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার আবদুল্লাহ আল মামুন। প্রধান অতিথি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. ইসরাফিল আলম বলেন, বর্তমানে আইন প্রণয়নের থেকে আইনের বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি হয়ে পড়েছে। কারণ অনেক আইনেরই কোন প্রয়োগ নেই। আমরা শিশুদের অধিকারের কথা বলি। আবার বস্তি থেকে নিয়ে রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার করি। এই অবস্থার পরিবর্তনের জন্য রাজনৈতিক অঙ্গীকার গ্রহণ এবং সেই অঙ্গীকার পূরণে সকলের সদিচ্ছা থাকতে হবে। বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব আলী সানা ও ননী গোপাল মন্ডল এমপি এবং টেরে ডেস হোমস—নেদারল্যান্ডসের কান্ট্রি ডিরেক্টর মাহমুদুল কবির। আলোচনায় অংশ নেন সিপের তাহমিনা জেসমিন মিতা, ভার্কের শাহনাজ রহমান, এহসানুল হক, রফিকুল বারী, জাহিদুল ইসলাম, মহসিন উদ্দিন সুমন, মনিরুজ্জামান মুকুল প্রমুখ। মূল প্রবন্ধে আবদুল্লাহ আল মামুন বলেন, গত তিন মাসে রাজনৈতিক সহিংসতায় ৩০ জনেরও বেশি শিশু নিহত হয়েছে। এসকল অনাকাঙ্খিত ঘটনা বন্ধে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। রাজনৈতিক দলগুলো আন্তরিক হলে শিশুশ্রম দ্রুত কমে আসবে। উল্লেখ্য, বেসরকারি উন্নয়ন সংস্থা সিপ ১৯৮৫ সাল থেকে সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে বিশেষ করে শিশুশ্রমিক, পথশিশু ও ভাসমান মানুষের উন্নয়নের লক্ষ্যে ঢাকা, নারায়ণগঞ্জ ও পাবনায় কাজ করে আসছে। এর অংশ হিসাবে জাতীয় সংসদে সেমিনারের আয়োজন করা হয়।