শেবাগ ও হরভজন ধারাভাষ্য দলে

ভাগ্যের কি নির্মম পরিহাস। এক সময় ভারতীয় দলের অপরিহার্য অংশ ছিলেন বিরেন্দার শেবাগ ও হরভজন সিং। অথচ সতীর্থ শচিন টেন্ডুলকারের বিদায়ী সিরিজেই দলে নেই দুজন। ইডেন গার্ডেনে আজ শুরু হওয়া ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে এবং টেন্ডুলকারের ১৯৯তম ম্যাচে দুজনকেই দেখা গেল ধারাভাষ্যকার দলে। মাস্টার ব্লাস্টার টেন্ডুলকারের বিদায়ী সিরিজে বিশেষজ্ঞ ধারাভাষ্যকার প্যানেলের ২২ সদস্যের প্যানেলে ব্রায়ান লারা ও স্টিভ ওয়াহদের সঙ্গে ধারাভাষ্য দিচ্ছেন শেবাগ, হরভজন। এই প্রথমবারের মতো ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করছেন লারা, ওয়াহ, শেবাগ ও হরভজন। শেষ দুজন হিন্দিতে দায়িত্ব পালন করবেন। প্যানেলের অন্য সদস্যদের মধ্যে আছেন- সৌরভ গাঙ্গুলি, সুনিল গাভাস্কার, রবি শাস্ত্রি, নভোজাত সিং সিধু এবং ইয়ান বিশপ।-বাসস