মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা হত্যার বিচার দাবি

‘৭ নভেম্বর মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত স্মরণসভায় বক্তারা মুক্তিযুদ্ধের পর থেকে এ পর্যন্ত যত সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে তার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তারা মেজর জেনারেল খালেদ মোশারফের হত্যার জন্য মেজর জিয়াউর রহমানের মরণোত্তর বিচার দাবি করেছেন। বৃহস্পতিবার বিকালে এ স্মরণ সভার আয়োজন করে ‘খালেদ মোশারফ বীরোত্তম স্মৃতিপরিষদ’। মেজর জেনারেল খালেদ মোশারফ বীরোত্তমের ৩৮তম স্মরণসভায় মুত্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ‘এস’ ফোর্সের অধিনায়ক মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ্ বীরোত্তম। এ বিষয়ে আলোচনা করেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ, সংসদ সদস্য লে. কর্নেল (অব.) নজরুল ইসলাম বীরবিক্রম, মেজর (অব.) শামসুল আরেফিন, মুক্তিযোদ্ধা অধ্যাপক আবুল কালাম আজাদ পাটোয়ারি, মেজর জেনারেল খালেদ মোশারফ এর পরিবারের সদস্য ফরহাদ হোসেন সংগ্রাম প্রমুখ।