জেএসসি ও জেডিসি পরীক্ষা শুরু
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৩, ২২:৩৬
গতকাল বৃহস্পতিবার থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। গতকাল জেএসসিতে ইংরেজি প্রথম পত্র ও জেডিসিতে আরবী দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ১৯ লাখ দুই হাজার ৭৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে জেএসসিতে ১৫ লাখ ৮৭ হাজার ৩১৩ জন এবং জেডিসিতে ৩ লাখ ১৫ হাজার ৪৩৩ জন।
আজ শুক্রবার জেএসসির বাংলা প্রথম পত্র এবং জেডিসির কোরআন মজিদ ও তাজবিদ পরীক্ষা দুপুর সোয়া ২টা থেকে শুরু হবে। ৪ নভেম্বরের স্থগিত হওয়া পরীক্ষা আজ অনুষ্ঠিত হচ্ছে। গত ৬ নভেম্বরের স্থগিত হওয়া বাংলা ২য় পত্র এবং আরবি ১ম পত্র পরীক্ষা আগামীকাল শনিবার সকাল ১০টা থেকে শুরু হবে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গতকাল আজিমপুর সরকারি গার্লস স্কুল এন্ড কলেজে জেএসসি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য ডা: মোস্তফা জালাল মহীউদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, ঢাকা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তাসলিমা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্ত্রী বলেন, হরতালে কোমলমতি পরীক্ষার্থীরা চরম ভোগান্তি, চাপ, আতঙ্ক-ভীতি ও অনিশ্চয়তার মধ্যে পড়ে। তাদের ফল খারাপ হয়। ৫০ লক্ষাধিক জেএসসি-পিএসসি পরীক্ষার্থীসহ ৪ কোটি পরীক্ষার্থীর ভবিষ্যতের কথা বিবেচনায় নিয়ে জানমাল ও অর্থনীতি বিধ্বংসী হরতাল না করার জন্য তিনি বিরোধীদলের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, আমাদের ছেলে-মেয়েরা প্রথম দু’দিনই পরীক্ষা দিতে পারলো না। এটি জাতির জন্য বেদনাদায়ক। পরে মন্ত্রী মাদ্রাসা-ই-আলিয়ায় জেডিসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। উভয় কেন্দ্রে তিনি অভিভাবকদের সাথেও কথা বলেন।
প্রাথমিক শিক্ষক নিয়োগ
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণীতে শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আজ অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় অংশ নেবেন নয় লাখ ৬৮ হাজার ১২৭ জন পরীক্ষার্থী। সারা দেশে এক হাজার ৩৬২টি কেন্দ্রে সকাল ১০টা থেকে এক ঘণ্টা ২০ মিনিটের এই লিখিত পরীক্ষা হবে।
সরকারি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা
আজ দেশের পাঁচটি সরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ টেক্সাইল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সি ইউনিট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খ ইউনিট ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১১ সালের অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষা সকাল ৯টায় এবং ২০১০ সালের এমবিএ দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা সকাল ১০টায় অনুষ্ঠিত হয়।
বহিষ্কার ৫৪, অনুপস্থিত অর্ধলাখ
জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথম দিনে গতকাল ৫৪ পরীক্ষার্থী বহিষ্কার হয়। এছাড়া ৫৯ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।
বহিষ্কার হওয়া পরীক্ষার্থীর মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে ২৮ জন, রাজশাহী বোর্ডে ১ জন, কুমিল্লা বোর্ডে ৬ জন, যশোর বোর্ডে ৩ জন, চট্টগ্রাম বোর্ডে ২ জন, দিনাজপুর বোর্ডে ২ জন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে ১২ জন রয়েছে।