গৃহকর্মীর খাবারে থুথু ছিটাতেন এমপির স্ত্রী!

গৃহকর্মী নির্যাতনের খবর অহরহ পাওয়া যায়। এদের নির্যাতন করাটা যেন একটি স্বাভাবিক প্রক্রিয়া। এবার ভারতের এক এমপির বাসায় ঘটেছে এই নির্যাতন। দুমুঠো ভাতও সে খেতে পারতো না। কারণ ভাতে ছিটানো হতো থুতু! ভারতের দিল্লিতে বিশাল বাংলোয় বসবাস এমপি ধনঞ্জয় সিংয়ের। বিশাল বাংলোয় বাস করলেও তার এবং তার স্ত্রীর মনটা কিন্তু বিশাল নয়। তাদের বাসায় কাজ করতো মীনা নামের এক গৃহকর্মী। এই কিশোরী জানায়, সে গত এক বছর ধরে ওই বাসায় কাজ করেছে। কিন্তু তার প্রতি আচরণ করা হতো পশুর মতো। সে ভাত খাওয়ার সময় এমপির স্ত্রী জাগ্রিতি (২৯) বসে থাকতেন এবং মাঝে মাঝে খাবারে থুতু ছিটিয়ে দিতেন। এছাড়া ৩৫ বছর বয়সী রাখি নামের এক গৃহকর্মী কাজ করতো যাকে নির্যাতন করে হত্যা করা হয়েছে চলতি সপ্তাহে। এরপরই পুলিশ এই এমপি ও তার স্ত্রীকে গ্রেফতার করে। হাসপাতালে অবস্থান করা মীনা জানায়, তার ডান হাত এবং পা পিটিয়ে ভেঙ্গে দেওয়া হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক আরেক গৃহকর্মী জানায়, এমপির স্ত্রী গোপনে তাদের বাথরুমেও সিসি ক্যামেরা বসিয়েছিলেন। -এনডিটিভি